News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৫, ২০ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৮:২৬, ২০ জানুয়ারি ২০২৬

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ঘোষণা আজ

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ঘোষণা আজ

ফাইল ছবি

শেখ হাসিনার পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি প্রথম মামলা হলেও রায়ের দিক থেকে দ্বিতীয়। এ মামলায় মোট আটজন আসামি রয়েছেন। এর মধ্যে চারজন গ্রেপ্তার এবং চারজন পলাতক।

গ্রেপ্তার আসামিরা হলেন- শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

পলাতক চার আসামি হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গত বছরের ২৪ ডিসেম্বর আট আসামির বিরুদ্ধে রায়ের দিন আজ নির্ধারণ করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়ের পুরো কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। ২৩ কার্যদিবসে তাদের জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল। সাফাই সাক্ষী হিসেবে আরশাদসহ আরও তিনজন আসামির জবানবন্দিও নেওয়া হয়। এরপর শুরু হয় যুক্তিতর্ক।

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। ট্রাইব্যুনালের সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত বছরের ১১ আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ। পর্যায়ক্রমে অন্যান্য শহীদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরাও ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

যুক্তিতর্কে প্রসিকিউশন সব আসামির সর্বোচ্চ সাজা চেয়েছে। অপরদিকে, অভিযোগ অস্বীকার করে আসামিপক্ষ তাদের মক্কেলদের বেকসুর খালাস দাবি করেছে। গ্রেপ্তার চার আসামি নিজ খরচে আইনজীবী নিয়োগ করেছেন। পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা মামলা পরিচালনা করছেন।

আরও পড়ুন: কোকোকে নিয়ে কটূক্তি: আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়