News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩০, ১৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:০৩, ১৯ জানুয়ারি ২০২৬

কোকোকে নিয়ে কটূক্তি: আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

কোকোকে নিয়ে কটূক্তি: আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে আলোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনার আদালতে একটি মানহানি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে খুলনা মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলি আদালতে মামলাটি দায়ের করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি। 

আদালতের বিচারক আসাদুজ্জামান খান বাদীর আবেদন গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার এজাহারে মুফতি আমির হামজাকে একমাত্র আসামি করা হয়েছে এবং পাঁচজনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন বাদীপক্ষ। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মে তারিখ নির্ধারণ করেছেন এবং এর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার ও বাদীপক্ষের আইনজীবীর দেওয়া তথ্যমতে, গত ১৬ জানুয়ারি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন সিঅ্যান্ডবি কলোনিতে অবস্থিত আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কার্যালয়ে অবস্থানকালে মামলার বাদী ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও নজরে পান। 

আরও পড়ুন: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ওই ভিডিওতে দেখা যায়, একটি ওয়াজ মাহফিলে মুফতি আমির হামজা প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গ করে জনসম্মুখে অত্যন্ত কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রদান করছেন। এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় মরহুমের পরিবার, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্মৃতি সংসদের সমর্থকদের মানহানি ও সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে নালিশে দাবি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং সাংগঠনিকভাবে আলোচনার পর ন্যায়বিচারের আশায় তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। 

তিনি বলেন, আদালত অভিযোগটি গুরুত্বের সাথে গ্রহণ করে তদন্তের দায়িত্ব সোনাডাঙ্গা মডেল থানাকে দিয়েছেন।

উল্লেখ্য, মুফতি আমির হামজা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী। তিনি কুষ্টিয়ার পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরা ভিটার বাসিন্দা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয়ে বক্তব্যের কারণে তিনি আলোচনায় রয়েছেন। 

অন্যদিকে, মামলার বাইরেও এই ইসলামী বক্তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে একটি তথ্য ছড়িয়ে পড়লেও এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়