অবশেষে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর
ছবি: সংগৃহীত
দেশজুড়ে আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর ও পরবর্তী আইনি জটিলতার নাটকীয় অবসান ঘটেছে। জন্মসনদ অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তাকে রিমান্ডে নেওয়ার আদেশ আসায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়। তবে বয়স সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা আমলে নিয়ে সোমবার (৫ জানুয়ারি) আদালত তার জামিন মঞ্জুর করেছেন।
এদিন গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দীর্ঘ শুনানি শেষে শিশু আইনের বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে এই আদেশ দেন।
এর আগে সোমবার সকালেই গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সুরভীকে একটি চাঁদাবাজির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছিলেন। কালিয়াকৈর থানা পুলিশ তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলেও আদালত দুই দিন মঞ্জুর করেন। তবে সুরভীর আইনজীবীরা তার প্রকৃত বয়স ও জন্মসনদ আদালতে উপস্থাপন করলে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে।
সুরভীর আইনজীবী রাশেদ খান আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, পুলিশ মামলার নথিতে সুরভীর বয়স ২১ বছর উল্লেখ করলেও ২০১৮ সালে নিবন্ধিত তার জন্মসনদ অনুযায়ী বর্তমান বয়স মাত্র ১৭ বছর ১ মাস ৭ দিন। শিশু আইন ২০১৩ এবং আন্তর্জাতিক শিশু অধিকার সনদ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কোনো কিশোর বা কিশোরীকে সাধারণ আসামির মতো রিমান্ডে নেওয়া বা সাধারণ কারাগারে রাখার কোনো সুযোগ নেই। আইনজীবীদের যুক্তি ছিল, পুলিশ মামলার বাদীর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে সঠিক যাচাই ছাড়াই বয়স বাড়িয়ে রেকর্ড করেছে, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
আরও পড়ুন: শোকজ ও গ্রেফতার শেষে জামিনে মুক্ত সেই বৈষম্যবিরোধী নেতা
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে সুরভীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় ৫০ হাজার টাকা চাঁদাবাজির মামলা করেন সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়।
গ্রেফতারের পর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, সুরভী একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা, যারা জুলাই আন্দোলনের ভয় দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এমনকি গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে আড়াই কোটি টাকা আদায়ের সুনির্দিষ্ট অভিযোগও আনা হয়েছিল তার বিরুদ্ধে।
গত ২৬ ডিসেম্বর সুরভীকে প্রথমবার আদালতে তোলা হলে পুলিশ তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে উপস্থাপন করায় আদালত তখন তার জামিন নামঞ্জুর করেছিলেন। তবে সোমবারের শুনানিতে বয়স সংক্রান্ত তথ্য গোপন ও শিশু আইন লঙ্ঘনের বিষয়টি আদালতে স্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তার পূর্বের রিমান্ড আদেশ বাতিল করে জামিন মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদও এক ফেসবুক বার্তায় সুরভীর জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিন পাওয়ায় এখন সুরভীকে সাধারণ কারাগার থেকে মুক্তি দিয়ে সংশোধনাগার বা পরিবারের জিম্মায় পাঠানো হবে বলে জানা গেছে। তবে মামলার অভিযোগগুলোর তদন্ত যথারীতি চলমান থাকবে।
এদিকে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং তথ্য গোপন করে একজন অপ্রাপ্তবয়স্ককে রিমান্ডে নেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা।
নিউজবাংলাদেশ.কম/পলি








