বলিভিয়ায় সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১৫
ছবি: সংগৃহীত
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াতে জাতীয় মুদ্রা বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী লা পাজ-এর কাছে এল আলতো শহরের বিমানবন্দরের নিকটে দুর্ঘটনাটি ঘটে।
নতুন ছাপানো ‘বলিভিয়ান বলিভিয়ানো’ নোট বহনকারী হারকিউলিস সি-১৩০ কার্গো বিমানটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যস্ত মহাসড়কে আছড়ে পড়ে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বিমানটি সড়কের ওপর থাকা কয়েকটি যানবাহনের ওপর পড়ে গেলে সেগুলো দুমড়েমুচড়ে যায় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস জানান, সেনাবাহিনী পরিচালিত বিমানটি পূর্বাঞ্চলীয় শহর সান্তাক্রুজ থেকে নতুন ছাপানো নোট নিয়ে এল আলতো বিমানবন্দরে যাচ্ছিল। রানওয়ের কাছাকাছি পৌঁছে কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিমানটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। তবে নিহতদের মধ্যে কতজন বিমানের ক্রু এবং কতজন সড়কে থাকা যানবাহনের যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কয়েকটি মরদেহ এতটাই দগ্ধ হয়েছে যে ডিএনএ পরীক্ষা ছাড়া পরিচয় শনাক্ত করা সম্ভব নয়।
বলিভিয়ার বিমান বাহিনীর মুখপাত্র জেনারেল সার্জিও লোরা জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটিতে ছয়জন ক্রু সদস্য দায়িত্বে ছিলেন। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হয়েছে, বাকি দুইজন এখনো নিখোঁজ।
আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ভারতের নিন্দা
বিমানটি কেন রানওয়ে থেকে ছিটকে পড়ল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিমানে থাকা বিপুল পরিমাণ মুদ্রার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








