পাকিস্তানের `অপারেশন গজব-লিল হক` শুরু, ১৩৩ আফগান সেনা নিহত
ছবি: সংগৃহীত
পাক-আফগান সীমান্তে আফগান বাহিনীর অবস্থান লক্ষ্য করে ‘অপারেশন গজব-লিল হক’ নামে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তানের দাবি, দেশটির বিমান বাহিনী (পিএএফ)-এর হামলায় কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুই শতাধিক। এছাড়া আফগান সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপো ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি।
পোস্টে তিনি জানান, রাত ৩টা ৪৫ মিনিট থেকে আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) ও স্থলবাহিনী যৌথভাবে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে। অভিযানের অংশ হিসেবে রাজধানী কাবুল ছাড়াও পাকতিয়া এবং কান্দাহার প্রদেশের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে।
পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, তাদের জোরালো হামলায় আফগান তালেবানের আস্তানাগুলো ধ্বংস হয়েছে এবং তারা পিছু হটতে বাধ্য হয়েছে। এছাড়া চিত্রল সেক্টরে আফগান বাহিনীর একটি চেকপোস্ট পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার দাবিও করেছে ইসলামাবাদ।
আরও পড়ুন: সংশোধনীতে ‘হ্যাঁ’ ভোট কমলো প্রায় ১০ লাখ, `না` ভোট ১ লাখ
পাকিস্তান জানিয়েছে, এর আগে আফগান বাহিনী পাক-আফগান সীমান্তের বিভিন্ন স্থানে গোলাগুলি চালায়। তার জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
তবে এ বিষয়ে আফগানিস্তান কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








