মদিনায় ২১ লাখের বেশি গাছ রোপণ করল সৌদি আরব
ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও মরুভূমির রুক্ষ প্রকৃতিকে সবুজে রূপ দিতে এক বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করেছে সৌদি আরবের ন্যাশনাল ওয়াটার কোম্পানি (এনডব্লিউসি)। ‘সৌদি গ্রিন ইনিশিয়েটিভ’ (এসজিআই) প্রকল্পের আওতায় পবিত্র মদিনা অঞ্চলে এ পর্যন্ত ২১ লাখেরও বেশি গাছ রোপণ করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পরিবেশ সংরক্ষণের পাশাপাশি এই উদ্যোগকে সৌদি আরবের ভবিষ্যৎ সবুজ অর্থনীতির পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এই বৃক্ষরোপণ কর্মসূচির অন্যতম উল্লেখযোগ্য দিক হলো পানির সাশ্রয়ী ব্যবহার। এনডব্লিউসি জানিয়েছে, মদিনার এই প্রকল্পে শতভাগ পরিশোধিত বর্জ্য পানি সেচের কাজে ব্যবহার করা হচ্ছে। এর ফলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমছে এবং বর্জ্য পানির কার্যকর পুনঃব্যবহার নিশ্চিত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সাল প্রকল্পটির জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল। শুধু গত বছরেই মদিনার উত্তর-পশ্চিম সেক্টরে ৪ লাখ ৭২ হাজার গাছ রোপণ করা হয়েছে। বর্তমানে প্রকল্পের আওতায় রোপণ করা গাছের প্রায় ১০ শতাংশ এমন পরিপক্ব অবস্থায় পৌঁছেছে, যেগুলোকে আর আলাদা করে সেচ দিতে হচ্ছে না।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষিত ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে ২০২১ সালে সৌদি গ্রিন ইনিশিয়েটিভের যাত্রা শুরু হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য ২০৬০ সালের মধ্যে সৌদি আরবে ‘নিট জিরো’ কার্বন নিঃসরণ নিশ্চিত করা। মদিনার এই বনায়ন কার্যক্রম সেই লক্ষ্য অর্জনের পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্টের সঙ্গে সমন্বয় করে এনডব্লিউসি আগামী বছরগুলোতে বৃক্ষরোপণ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা করেছে। এর ফলে ওই অঞ্চলের বায়ুর মান উন্নত হবে, বালুঝড়ের ঝুঁকি কমবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:ইরানের রেভোল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইইউ’র
আন্তর্জাতিক পরিবেশবাদীদের মতে, মদিনার এই সাফল্য বিশ্বের অন্যান্য শুষ্ক ও মরু অঞ্চলের জন্য একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। পরিশোধিত বর্জ্য পানি ব্যবহার করে বৃক্ষরোপণের এই কৌশল পরিবেশগত রূপান্তরের একটি কার্যকর ও টেকসই মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








