News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৪, ১৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২৬, ১৬ জানুয়ারি ২০২৬

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই পদক উপস্থাপন করেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ট্রাম্প পদকটি গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি মাচাদো।

ট্রাম্পের সঙ্গে প্রথমবার সরাসরি সাক্ষাতের পর মাচাদো বলেন, “আজকের দিনটি ভেনেজুয়েলাবাসীদের জন্য ঐতিহাসিক।”

উল্লেখ্য, ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে বিজয়ের দাবি করেছিলেন মাচাদো। সে সময় অনেকেই ধারণা করেছিলেন, কারাকাসে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্র মাচাদোর বিরোধী জোটকে সমর্থন দেবে। তবে ট্রাম্প প্রশাসন পরে মাচাদোকে সমর্থন না দিয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রোদ্রিগেজের সঙ্গে কাজ শুরু করে।

গত সপ্তাহে মাচাদো জানিয়েছিলেন, তিনি তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান। তবে নোবেল কমিটি এক বিবৃতিতে স্পষ্ট করে জানায়, নোবেল পুরস্কার হস্তান্তরযোগ্য নয় এবং একবার ঘোষণার পর তা বাতিল, ভাগ বা অন্যের কাছে দেওয়া সম্ভব নয়।

হোয়াইট হাউস বৈঠকের আগে নোবেল পিস সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, একটি পদকের মালিক বদলানো যেতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর উপাধি পরিবর্তন করা যায় না।

এদিকে, ওয়াশিংটন সফরকালে মাচাদো মার্কিন কংগ্রেসে সিনেটরদের সঙ্গেও বৈঠক করেন। ধারণা করা হচ্ছে, এসব বৈঠকে তিনি রোদ্রিগেজের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান পরিবর্তনের চেষ্টা করেন।

আরও পড়ুন: ভেনেজুয়েলা থেকে প্রথম চালানেই ৫০ কোটি ডলারের তেল বিক্রি যুক্তরাষ্ট্রের

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, মাচাদো ভেনেজুয়েলার জনগণের জন্য একজন সাহসী ও গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর এবং প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা প্রত্যাশা করছিলেন।

এদিকে, প্রেসিডেন্ট মাদুরোকে ৩ জানুয়ারি আটক করার পর ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেলখাত পুনর্গঠনে উদ্যোগ নেয়। এক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ৫০ কোটি ডলার মূল্যের ভেনেজুয়েলার তেলের প্রথম চালান বিক্রি সম্পন্ন করেছে। পাশাপাশি নিষেধাজ্ঞাভুক্ত ভেনেজুয়েলার তেল বহনকারী সন্দেহে একাধিক ট্যাংকার জব্দ করেছে মার্কিন বাহিনী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়