ভেনেজুয়েলা থেকে প্রথম চালানেই ৫০ কোটি ডলারের তেল বিক্রি যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় সেনা অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার দাবি করা হয়েছে। একই সঙ্গে ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ৫০ কোটি ডলারের তেল বিক্রি করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৪ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে সরকারি বাসভবন থেকে আটক করে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দি আছেন।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে বিচার চলবে।
মাদুরো দম্পতিকে আটক করার তিন দিন পর, ৭ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল আমদানির ঘোষণা দেন। প্রথম ধাপে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে বলে জানান তিনি। সিএনএনের তথ্য অনুযায়ী, ওই চালানের তেল বিক্রি হয়েছে প্রায় ৫০ কোটি ডলারে।
এদিকে ৯ জানুয়ারি হোয়াইট হাউসে মার্কিন তেল কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার তেল খাতে অন্তত ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসতে পারে। তবে মার্কিন কোম্পানিগুলো এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে।
অ্যাক্সন মোবিলের প্রধান নির্বাহী ড্যারেন উডস বলেন, বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলায় বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। সেখানে বিনিয়োগের আগে আইনি ও বাণিজ্যিক কাঠামো স্পষ্ট হওয়া প্রয়োজন।
আরও পড়ুন: ইরানে গ্রেফতার হওয়া এরফানের ফাঁসির দণ্ড স্থগিত
উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেল মজুত। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা ইআইএ-এর তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেলের মজুত রয়েছে, যা বৈশ্বিক মোট মজুতের প্রায় এক-পঞ্চমাংশ। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতা ও রাজনৈতিক সংকটের কারণে দেশটির দৈনিক তেল উৎপাদন বর্তমানে মাত্র ১০ লাখ ব্যারেলে সীমিত।
নিউজবাংলাদেশ.কম/এসবি








