News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৮, ১৫ জানুয়ারি ২০২৬

ইরানে গ্রেফতার হওয়া এরফানের ফাঁসির দণ্ড স্থগিত

ইরানে গ্রেফতার হওয়া এরফানের ফাঁসির দণ্ড স্থগিত

এরফান সোলতানি। ছবি: সংগৃহীত

ইরানের সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া এবং গ্রেফতার হওয়ার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির সরকার।

 তার পরিবারের সদস্য এবং নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা সিএনএন।

২৬ বছর বয়সী এরফান সোলায়মানি পেশায় দোকানব্যবসায়ী। তিনি রাজধানী তেহরানের শহরতলী এলাকা কারাজে থাকেন। সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গত ৮ জানুয়ারি নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাত্র তিন দিনের বিচারের ভিত্তিতে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল।

আদালতের বিচারপ্রক্রিয়ায় সোলতানির পরিবারের কোনো সদস্য বা বন্ধুকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে, সোলতানির বোন একজন নিবন্ধিত ও পেশাদার আইনজীবী, তিনি থাকলেও বিচার প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি। বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল।

সোলতানির আত্মীয় সোমায়েহ সিএনএনকে জানিয়েছেন, “আমরা খবর পেয়েছি যে সোলতানির দণ্ড কার্যকর হয়নি। তবে এটি এখনও বাতিল হয়নি। আমরা আরও তথ্যের অপেক্ষায় আছি।”

এরপর মানবাধিকার সংস্থা হেনগাও এক প্রতিবেদনে জানিয়েছে, সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: ইরানে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর হবে না: ট্রাম্প

বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক মতবিনিময়সভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা জানতে পেরেছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং আটক বা গ্রেফতার কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে। আমরা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ থেকে এ তথ্যের নিশ্চয়তা পেয়েছি।”

ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত হওয়ার সংবাদ আসে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়