News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫২, ৪ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ‘বিপজ্জনক নজির’: জাতিসংঘ

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ‘বিপজ্জনক নজির’: জাতিসংঘ

ফাইল ছবি

ভেনেজুয়েলায় আকস্মিক সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

এই ঘটনাকে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটি ‘বিপজ্জনক নজির’ এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন তিনি। 

শনিবার (০৩ জানুয়ারি) শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন বিমান বাহিনী এই বিশেষ অভিযান পরিচালনা করে এবং বর্তমানে মাদুরো দম্পতিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ফেডারেল হেফাজতে রাখা হয়েছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানিয়েছেন, ভেনেজুয়েলায় উত্তেজনা বৃদ্ধির জেরে মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীরভাবে আতঙ্কিত ও উদ্বিগ্ন। 

মহাসচিব মনে করেন, একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর এভাবে সরাসরি সামরিক হস্তক্ষেপ এবং রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে যাওয়া জাতিসংঘ সনদকে সম্পূর্ণ উপেক্ষা করার শামিল। এই অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক আইনের প্রতি যে অসম্মান প্রদর্শিত হয়েছে, তা অদূর ভবিষ্যতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে চরম অস্থিরতা ও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। 

আরও পড়ুন: মার্কিন হামলা ঘিরে ভেনেজুয়েলা সীমান্তে কলম্বিয়ার প্রস্তুতি

মহাসচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেকোনো পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা জরুরি ছিল এবং একতরফা বলপ্রয়োগের পরিবর্তে সংঘাত নিরসনে অন্তর্ভুক্তিমূলক সংলাপের পথ বেছে নেওয়া উচিত ছিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মাত্র চার দিন আগে তিনি এই অভিযানের ব্যাপারে চূড়ান্ত অনুমোদন বা ‘সবুজ সংকেত’ দিয়েছিলেন। কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকি-ধামকির পর শনিবার ভোরে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপ বিশ্বজুড়ে মার্কিন অভিযানের বৈধতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ইতোমধ্যে রাশিয়া, চীন এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো এই ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ এবং ‘আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অঙ্গসংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফলকার তুর্ক এক পৃথক বার্তায় বলেছেন, ভেনেজুয়েলার জনগণের সুরক্ষা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং পরবর্তী যেকোনো পদক্ষেপের দিকনির্দেশনা এটিই হওয়া উচিত। উদ্ভূত পরিস্থিতি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে আগামী সোমবার (০৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। কলম্বিয়ার অনুরোধে এবং রাশিয়া ও চীনের সমর্থনে আয়োজিত এই বৈঠকে ভেনেজুয়েলার জাতিসংঘ প্রতিনিধিদলকেও আহ্বান জানানো হয়েছে। মহাসচিব আন্তোনিও গুতেরেস আবারও সব পক্ষকে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন এবং মানবাধিকার মেনে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়