মার্কিন হামলা ঘিরে ভেনেজুয়েলা সীমান্তে কলম্বিয়ার প্রস্তুতি
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের দাবির প্রেক্ষাপটে প্রতিবেশী রাষ্ট্র ভেনেজুয়েলা সীমান্তে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
শনিবার (০৩ জানুয়ারি) রাজধানী বোগোতায় জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্ত জানান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো এই সামরিক অভিযানকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর সরাসরি ‘আক্রমণ’ হিসেবে অভিহিত করেছেন কলম্বিয়ার বামপন্থী এই নেতা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় পেত্রো বলেন, কলম্বিয়া সরকার ভেনেজুয়েলা এবং লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর এই হামলার তীব্র নিন্দা জানায়।
তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে পুরো অঞ্চলে একটি ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: মাদুরোকে বহনকারী বিশেষ বিমান নিউইয়র্কে
পরিস্থিতি মোকাবিলায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তাৎক্ষণিক জরুরি বৈঠক আহ্বান করেছেন গুস্তাভো পেত্রো।
উল্লেখ্য, চলতি বছর কলম্বিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে, যা তাকে এই বৈশ্বিক ফোরামে জোরালো অবস্থান নেওয়ার সুযোগ করে দিয়েছে।
সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েন করলেও প্রেসিডেন্ট পেত্রো বিশ্বাস করেন যে, যেকোনো অভ্যন্তরীণ সংকটের শান্তিপূর্ণ সমাধান জনগণের মাধ্যমেই সম্ভব। উদ্ভূত পরিস্থিতি সংলাপের মাধ্যমেই সমাধান করা উচিত বলে তিনি মন্তব্য করেন। তবে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও, নিকোলাস মাদুরোর আটক হওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন পেত্রো।
মার্কিন হামলার পর ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন তাদের হেফাজতে রয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-অ্যারাবিয়া এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি বোগোতা থেকে এই সামরিক প্রস্তুতির খবর নিশ্চিত করেছে।
তথ্যসূত্র: আল-অ্যারাবিয়া, এএফপি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স।
নিউজবাংলাদেশ.কম/পলি








