মাদুরোকে বহনকারী বিশেষ বিমান নিউইয়র্কে
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট বিমানঘাঁটিতে একটি উড়োজাহাজ অবতরণ করেছে। উড়োজাহাজটিতে সদ্য আটক হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো উপস্থিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা জানায়, উড়োজাহাজটির দরজার কাছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের দেখা গেছে।
একই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও। তাদের প্রতিবেদনে বলা হয়, নিকোলা মাদুরোকে বহনকারী উড়োজাহাজটি নিউইয়র্কে পৌঁছেছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গিটমো (গুয়ানতানামো বে) থেকে একটি মার্কিন সরকারি বিমানে করে মাদুরোকে নিউইয়র্কে আনা হয়। স্টুয়ার্ট বিমানঘাঁটিতে অবতরণের পর তাকে ডিইএ (ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন)-এর নিরাপত্তায় একটি হেলিকপ্টারে করে নিউইয়র্ক সিটিতে নেওয়ার কথা রয়েছে।
নিউইয়র্কে পৌঁছানোর পর একটি নির্ধারিত স্থানে তার প্রাথমিক প্রসেসিং সম্পন্ন করা হবে। এরপর মোটরকেডে করে তাকে আটক কেন্দ্রে নেওয়া হবে এবং শেষ পর্যন্ত কারাগারে পাঠানো হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে শনিবার রাজধানী কারাকাসের একটি সুরক্ষিত দুর্গ থেকে আটক করা হয়েছে এবং তাদের দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের যুক্তরাষ্ট্রের কোথায় নেওয়া হচ্ছে—সে বিষয়ে তখন কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেন, যেখানে নিকোলা মাদুরোকে আটক অবস্থায় দেখানো হয়েছে বলে দাবি করা হয়।
ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, “ইউএসএস ইও জিমা (USS Iwo Jima)-তে নিকোলা মাদুরো।”
উল্লেখ্য, ২০২০ সালে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে নিকোলা মাদুরোর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়।
অভিযোগপত্রে বলা হয়, তিনি কলম্বিয়ার বিদ্রোহী সংগঠন ফার্ক (FARC)-এর সঙ্গে যোগসাজশ করে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারের ষড়যন্ত্রে জড়িত ছিলেন।
আরও পড়ুন: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক আটকের দাবি ট্রাম্পের
অভিযোগ অনুযায়ী, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কোকেনে ‘প্লাবিত’ করার পরিকল্পনা করা হয়েছিল।
তৎকালীন মার্কিন অ্যাটর্নি জিওফ্রি বারম্যান অভিযোগ ঘোষণার সময় বলেন, অভিযোগ অনুযায়ী, মাদুরো এবং অন্যান্য আসামিরা যুক্তরাষ্ট্রকে কোকেনে প্লাবিত করার সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন, যাতে আমাদের দেশের স্বাস্থ্য ও কল্যাণকে দুর্বল করা যায়। মাদুরো ইচ্ছাকৃতভাবে কোকেনকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।
বর্তমান মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মন্তব্য করেন।
তিনি বলেন, নিকোলা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে অভিযোগ গঠন করা হয়েছে। নিকোলা মাদুরোর বিরুদ্ধে নার্কো–টেররিজম ষড়যন্ত্র, কোকেন আমদানি ষড়যন্ত্র, মেশিনগান ও বিধ্বংসী অস্ত্রের দখল এবং এসব অস্ত্র রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তারা খুব শিগগিরই আমেরিকার মাটিতে, আমেরিকার আদালতে পূর্ণমাত্রার বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন।
এদিকে, সাবেক এফবিআই কর্মকর্তা রিচার্ড ফ্রাঙ্কেল নিকোলা মাদুরোর আটক ও নিউইয়র্কের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। যদিও মাদুরোকে কোথায় রাখা হবে—তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে নিউইয়র্কের ফেডারেল আদালতে বিচারাধীন আসামিদের সাধারণত ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (MDC-Brooklyn)-এ রাখা হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সূত্র: আল–জাজিরা, রয়টার্স
নিউজবাংলাদেশ.কম/পলি








