ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে জাতিসংঘ।
সংস্থাটি স্পষ্ট করেছে যে, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট ম্যান্ডেট (অনুমোদন) ব্যতীত কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো বর্তমানে তাদের কাজের আওতাভুক্ত নয়।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্তেফান দুজারিক বাংলাদেশের নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুসহ বিভিন্ন ইস্যুতে উত্থাপিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আসন্ন নির্বাচন নিয়ে জাতিসংঘের অবস্থান পরিষ্কার করে স্তেফান দুজারিক বলেন, জাতিসংঘ সাধারণত নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। এ ধরনের সিদ্ধান্ত কেবল জাতিসংঘের সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট থাকলেই নেওয়া সম্ভব। বর্তমানে নির্বাচন পর্যবেক্ষণ জাতিসংঘের প্রাত্যহিক কাজের অংশ নয়।
তবে পর্যবেক্ষক না পাঠালেও নির্বাচনের গুণগত মানোন্নয়নে জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিতভাবে কারিগরি সহায়তা প্রদান করে থাকে। বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি অফিস নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নিয়ে পরে জানাবেন বলে আশ্বস্ত করেন তিনি।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ‘বিপজ্জনক নজির’: জাতিসংঘ
ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরার প্রসঙ্গটি গুরুত্বের সাথে ওঠে আসে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার এই প্রত্যাবর্তনকে জাতিসংঘ কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে দুজারিক অত্যন্ত কৌশলী উত্তর দেন।
তিনি বলেন, আমি সংবাদ বা রাজনৈতিক ঘটনার মূল্যায়ন করি না। সংবাদ বা ঘটনার বিশ্লেষণ করার দায়িত্ব সাংবাদিকদের।
তবে তিনি জোরালোভাবে উল্লেখ করেন যে, বাংলাদেশের জনগণ যেন তাদের রাজনৈতিক মতামত ও আকাঙ্ক্ষা অবাধে প্রকাশ করতে পারে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে জাতিসংঘ সব সময় সমর্থন করে যাবে।
এ সময় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।
জবাবে স্তেফান দুজারিক গভীর শোক প্রকাশ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি যখন ঢাকার দিকে, ঠিক তখনই পর্যবেক্ষক না পাঠানোর বিষয়ে জাতিসংঘের এই অবস্থানটি সামনে এলো।
নিউজবাংলাদেশ.কম/পলি








