শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
ফাইল ছবি
ফের একবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। দেশটির পশ্চিম উপকূলে স্থানীয় সময় মঙ্গলবার অনুভূত ভূমিকম্পের মাত্রা ৬.২। তবে দেশজুড়ে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাপানের আবহাওয়া সংস্থার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শিমান প্রিফেকচারে স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। যদিও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) ভূমিকম্পের মাত্রা ৫.৮ হিসেবে জানিয়েছে।
জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুগিতে কম্পনের শিন্দো স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ এর বেশি রেকর্ড করা হয়েছে। এ স্তরে ভারী আসবাবপত্র পড়তে পারে এবং গাড়ি চালনার সময় স্টিয়ারিংয়ে সমস্যা দেখা দিতে পারে।
জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি (JMA) জানিয়েছে, একই অঞ্চলে ৪.৫, ৫.১, ৩.৮ এবং ৫.৪ মাত্রার আরও কয়েকটি ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।
আরও পড়ুন: মাদক-সন্ত্রাসবাদ মামলায় যুক্তরাষ্ট্রের আদালতে নির্দোষ দাবি নিকোলা
জাপান প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ এর পশ্চিম প্রান্তে চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপরে অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে ভূমিকম্প-সক্রিয় দেশগুলোর মধ্যে একটি। প্রায় ১২৫ মিলিয়ন মানুষের আবাসস্থল এই দ্বীপপুঞ্জে প্রতি বছর প্রায় ১,৫০০টি ভূমিকম্প অনুভূত হয়, যাদের বেশিরভাগই কম মাত্রার।
নিউজবাংলাদেশ.কম/এসবি








