মাদক-সন্ত্রাসবাদ মামলায় যুক্তরাষ্ট্রের আদালতে নির্দোষ দাবি নিকোলার
ছবি: সংগৃহীত
মাদক-সন্ত্রাসবাদ মামলায় যুক্তরাষ্ট্রের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। বিচারককে উদ্দেশ করে তিনি বলেছেন, “আমি আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে ধরে এনে এখানে হাজির করা হয়েছে।”
সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের একটি আদালতে মাদুরোকে হাজির করা হয়। এর আগে, গত শনিবার ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় বলে জানানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে মাদকসংক্রান্ত অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
আদালতে শুনানিকালে মামলার বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান এবং তার বক্তব্য জানতে চান। জবাবে মাদুরো বলেন, “আমি নির্দোষ। এখানে যে অভিযোগগুলোর কথা বলা হয়েছে, সেগুলোর কোনোটি আমি করিনি।”
এদিকে, মাদুরোর আইনজীবী জানিয়েছেন, বর্তমানে তার মক্কেল জামিনের জন্য আবেদন করছেন না। তবে ভবিষ্যতে এ বিষয়ে আবেদন করা হতে পারে। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা
আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, শুনানি শেষে আদালত আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেছেন। বিচারক অ্যালভিন হেলারস্টাইন এ নির্দেশ দেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








