News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৪, ১ জানুয়ারি ২০২৬

সুইজারল্যান্ডে নববর্ষের উৎসবে বিস্ফোরণে প্রাণহানি

সুইজারল্যান্ডে নববর্ষের উৎসবে বিস্ফোরণে প্রাণহানি

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্রান্স-মনটানা (Crans-Montana) এলাকায় ইংরেজি নববর্ষের এক অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেক মানুষ, যাদের মধ্যে অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের বড় একটি অংশই সেখানে ঘুরতে আসা আন্তর্জাতিক পর্যটক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ওয়ালিস ক্যান্টনের ‘লে কনস্টেলেশন’ (Le Constellation) বার ও লাউঞ্জে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে (ইউকে সময় রাত ১২টা ৩০ মিনিট) যখন নববর্ষের উদযাপন তুঙ্গে ছিল, তখনই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই পুরো বারটি আগুনে ছেয়ে যায়।

ওয়ালিস ক্যান্টন পুলিশের মুখপাত্র গেটান ল্যাথিয়ন এএফপিকে জানান, দুর্ঘটনার সময় ওই বারে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। 

তিনি বলেন, আগুন লাগার সময় ভবনটির ভেতর শতাধিক লোক ছিলেন। আমরা অনেক হতাহত ও নিহতের খবর পাচ্ছি।

আরও পড়ুন: মেক্সিকোয় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুনের লেলিহান শিখার সাথে আকাশজুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই জরুরি সেবা বিভাগ ও একাধিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় একটি বিশেষ রিসেপশন সেন্টার ও হটলাইন নম্বর চালু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

পুলিশ এখনো বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বারের ভেতর কনসার্ট চলাকালীন আতশবাজি ফাটানোর সময় সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সুইজারল্যান্ডের রাজধানী বার্ন থেকে প্রায় দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত এই ক্রান্স-মনটানা অঞ্চলটি আন্তর্জাতিক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ৮৭ মাইল দীর্ঘ স্কি ট্রেইল সমৃদ্ধ এই এলাকায় শিগগিরই ‘ফিস ওয়ার্ল্ড কাপ স্পিড স্কিইং’ (FIS World Cup Speed Skiing) প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন হাই-প্রোফাইল ইভেন্টের ঠিক আগেই এই মর্মান্তিক দুর্ঘটনা অঞ্চলটিতে শোকের ছায়া নামিয়ে এনেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়