গ্রামীণফোনের চতুর্থ প্রান্তিকে আয় ৩,৮৫৮ কোটি টাকা
ফাইল ছবি
সার্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে রাজস্ব ও মুনাফায় প্রবৃদ্ধি ধরে রেখেছে গ্রামীণফোন। গত বছরের একই সময়ের তুলনায় ৩.৩ শতাংশ বেশি আয় করে অপারেটরটি এ প্রান্তিকে মোট ৩ হাজার ৮৫৮ কোটি টাকা রাজস্ব অর্জন করেছে। প্রান্তিক শেষে গ্রামীণফোনের মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩৯ লাখে। এর মধ্যে ৫৮.১ শতাংশ, অর্থাৎ প্রায় ৪ কোটি ৮৭ লাখ গ্রাহক ইন্টারনেট সেবা ব্যবহার করছেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, নেটওয়ার্কে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি সবচেয়ে নির্ভরযোগ্য ও নিরাপদ সংযোগ প্রদানকারী হিসেবে অবস্থান আরও দৃঢ় করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। তিনি বলেন, গ্রামীণফোনের অগ্রগতি পরিচালিত হচ্ছে তিনটি মূল স্তম্ভের ওপর—শক্তিশালী ভিত্তি তৈরি, দক্ষতার সর্বোত্তম ব্যবহার এবং প্রকৃত অর্থে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ বৃদ্ধি।
সচল হলো বিটিসিএলের এমভিএনও সিম
ইয়াসির আজমান বলেন, গত কয়েক প্রান্তিকে সার্বিক অর্থনীতির কঠিন পরিস্থিতি থাকলেও ধীরে ধীরে স্থিতিশীলতার আভাস পাওয়া যাচ্ছে। তার ভাষায়, “২০২৫ আমাদের জন্য এগিয়ে যাওয়ার বছর। চতুর্থ প্রান্তিকের ফলাফল প্রমাণ করে, রাজস্ব বৃদ্ধি ও মুনাফা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদে আরও স্থিতিশীল ও মূল্যভিত্তিক ব্যবসা গড়ে তুলতে আমরা সঠিক পথেই এগোচ্ছি।”
গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অটো মাগনে রিসব্যাক বলেন, ভোক্তাব্যয়ের চাপ ও সীমিত ক্রয়ক্ষমতার কারণে ব্যয় নিয়ন্ত্রণে জোর দিয়ে কার্যক্রম পরিচালনা করছে কোম্পানি। তিনি জানান, ২০২৫ সালের শেষ দুই প্রান্তিকে যথাক্রমে ১.৪ শতাংশ ও ৩.৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ প্রসঙ্গে সিএফও জানান, ২০২৫ সালের জন্য বোর্ড দ্বিতীয় ধাপে শেয়ার প্রতি ১০ টাকা ৫০ পয়সা লভ্যাংশ প্রস্তাব করেছে। বছরের প্রথমার্ধে শেয়ার প্রতি ১১ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়া হয়েছে। ফলে পুরো বছরে মোট ঘোষিত লভ্যাংশ দাঁড়িয়েছে শেয়ার প্রতি ২১ টাকা ৫০ পয়সা।
তিনি বলেন, ২০২৫ সালে গ্রামীণফোন সরকারকে কর হিসেবে ১২ হাজার ১৫৬ কোটি টাকা পরিশোধ করেছে।
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি








