বন্ধ হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট
ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের পরিচিত অ্যানিমেশন সফটওয়্যার অ্যাডোবি অ্যানিমেট বন্ধ করার ঘোষণা দিয়েছে অ্যাডোবি।
সোমবার (২ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি তাদের সাপোর্ট সাইটে হালনাগাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং গ্রাহকদের ইমেইল পাঠায়। সফটওয়্যারটি ২০২৬ সালের ১ মার্চ থেকে আর চালু থাকবে না।
তবে করপোরেট বা এন্টারপ্রাইজ গ্রাহকরা ২০২৯ সালের ১ মার্চ পর্যন্ত কারিগরি সহায়তা পাবেন। অন্য গ্রাহকদের সহায়তা চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত।
ঘোষণায় ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই হতাশা প্রকাশ করেছেন এবং কেউ কেউ সফটওয়্যারটি ওপেন সোর্স করার অনুরোধ জানিয়েছেন। তাদের অভিযোগ, অ্যাডোবি অ্যানিমেটের মতো পূর্ণাঙ্গ বিকল্প এখনো বাজারে নেই।
অ্যাডোবি জানিয়েছে, ২৫ বছরের বেশি সময় ধরে অ্যানিমেট অ্যানিমেশন জগতকে সমৃদ্ধ করেছে, তবে প্রযুক্তির ধারা বদলাচ্ছে। নতুন প্ল্যাটফর্ম ও পদ্ধতি ব্যবহারকারীর চাহিদা ভালোভাবে পূরণ করছে। সেই বাস্তবতা মেনেই সফটওয়্যারটির সমর্থন বন্ধের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, অ্যাডোবির বর্তমান মনোযোগ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–সমৃদ্ধ পণ্যের দিকে, যা অ্যানিমেটের সঙ্গে মানানসই নয়। অ্যাডোবি জানিয়েছে, কোনো নির্দিষ্ট পূর্ণ বিকল্প নেই, তবে ক্রিয়েটিভ ক্লাউড প্রো গ্রাহকরা অন্য অ্যাডোবি অ্যাপ ব্যবহার করে কিছু কাজের বিকল্প নিতে পারবেন। উদাহরণ হিসেবে বলা হয়েছে, জটিল কী–ফ্রেম অ্যানিমেশনের জন্য আফটার ইফেক্টসের পাপেট টুল এবং সহজ অ্যানিমেশন ইফেক্টের জন্য অ্যাডোবি এক্সপ্রেস ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ চূড়ান্ত
যাদের কম্পিউটারে সফটওয়্যারটি ইতিমধ্যেই ইনস্টল আছে, তারা আপাতত ব্যবহার চালিয়ে যেতে পারবেন। অ্যাডোবি অ্যানিমেটের মাসিক মূল্য ছিল ৩৪.৪৯ ডলার এবং বার্ষিক চুক্তিতে তা ২২.৯৯ ডলার।
নিউজবাংলাদেশ.কম/এসবি








