উপজেলা থেকেই গড়তে হবে ডিজিটাল অর্থনীতির ভিত্তি: ফয়েজ তৈয়্যব
ছবি: সংগৃহীত
ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় দেশের ১০০টি উপজেলায় উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল অর্থনীতির ভিত্তি রাজধানীকেন্দ্রিক না রেখে উপজেলা ও তৃণমূল পর্যায় থেকেই গড়ে তুলতে হবে। ইতোমধ্যে ১০০টি উপজেলায় কেন্দ্র স্থাপন সম্পন্ন হয়েছে এবং আগামী ছয় মাসে আরও ১৭৯টি কেন্দ্রের কাজ শেষ হবে বলে জানান তিনি।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এসব কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের আইসিটি দক্ষতা উন্নয়ন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। অবকাঠামো নির্মাণের পাশাপাশি কেন্দ্রগুলোর কার্যকর ব্যবহার ও রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি।
চ্যাটজিপিটিতে বয়স অনুমান ফিচার চালু করছে ওপেনএআই
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি বলেন, উপজেলা আইসিটি সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন টিউ-আইসিটি প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ৪০০ উপজেলার লক্ষ্যের মধ্যে ৩০৩টি কেন্দ্র ইতোমধ্যে সক্রিয় হয়েছে।
প্রতিটি কেন্দ্রে আধুনিক ডিজিটাল ল্যাব, প্রশিক্ষণ কক্ষ, স্টার্টআপ জোন ও প্লাগ অ্যান্ড প্লে জোন থাকবে। এর ফলে উপজেলা পর্যায়ে তরুণদের জন্য প্রশিক্ষণ ও কাজের সুযোগ সৃষ্টি হবে এবং আত্মকর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি








