চ্যাটজিপিটিতে বয়স অনুমান ফিচার চালু করছে ওপেনএআই
ছবি: সংগৃহীত
চ্যাটজিপিটি ব্যবহারকারীদের বয়স অনুমান করার নতুন ফিচার চালু করতে যাচ্ছে ওপেনএআই। এই ফিচারের মাধ্যমে কোনো অ্যাকাউন্ট কিশোর হতে পারে কিনা শনাক্ত করে সংবেদনশীল কনটেন্টের ঝুঁকি কমানো হবে।
ওপেনএআই জানিয়েছে, নতুন ‘এজ প্রেডিকশন’ প্রযুক্তি ধাপে ধাপে বিশ্বব্যাপী কার্যকর হবে। লক্ষ্য হলো ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করা। কোনো অ্যাকাউন্ট কিশোর বলে শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে বাড়তি সুরক্ষা ব্যবস্থা চালু হবে। এর ফলে সহিংসতা, যৌনতা বা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কনটেন্ট দেখার সুযোগ সীমিত হবে।
তবে বয়স শনাক্ত প্রক্রিয়া পুরোপুরি নির্ভুল নয়। কোনো প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী ভুলক্রমে কিশোরদের অভিজ্ঞতার আওতায় পড়লে পূর্ণ সুবিধা ফিরে পেতে তাকে পরিচয় যাচাই করতে হবে। এজন্য ‘পারসোনা’ নামের পরিচয় যাচাই সেবা ব্যবহার করে একটি সেলফি জমা দিতে হবে।
ইউরোপীয় ইউনিয়নে এই ফিচার কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে। শিশু ও কিশোরদের অনলাইন সুরক্ষা নিয়ে কঠোর বিধিনিষেধের কারণে সেখানে ওপেনএআই এই উদ্যোগকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।
ফিদজি সিমোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই চ্যাটজিপিটিতে প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা ‘অ্যাডাল্ট মোড’ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও বয়স যাচাই করা ব্যবহারকারীদের জন্য পরিণত কনটেন্ট অনুমোদনের ইঙ্গিত দিয়েছেন।
চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৮০ কোটি। এত বড় ব্যবহারকারীভিত্তির কারণে বয়সভিত্তিক কনটেন্ট নিয়ন্ত্রণ ওপেনএআইয়ের জন্য বড় চ্যালেঞ্জ। সম্প্রতি যুক্তরাষ্ট্রে কিছু ব্যবহারকারীর জন্য বিজ্ঞাপন দেখানোর প্রক্রিয়া শুরু হয়েছে, যা রাজস্ব বৃদ্ধির অংশ হিসেবে নেওয়া হয়েছে। কোম্পানিটির বার্ষিক আয় ২০২৫ সালে ২০ বিলিয়ন ডলারের বেশি হয়েছে, যা এক বছর আগে ছিল ৬ বিলিয়ন ডলার।
আরও পড়ুন: শাওমি নিয়ে এলো রেডমি প্যাড ২প্রো ও রেডমি প্যাড ২প্রো ফাইভজি ট্যাব
বিশ্লেষকরা মনে করছেন, বয়স অনুমানের এই উদ্যোগ কিশোরদের নিরাপত্তায় সহায়ক হবে, পাশাপাশি প্রাপ্তবয়স্ক কনটেন্ট চালুর পথও তৈরি করবে। তবে নির্ভুলতা ও ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে আরও আলোচনা হতে পারে। ফিচারের কার্যকারিতা নির্ভর করবে প্রয়োগ ও ব্যবহারকারীর অভিজ্ঞতার ওপর।
নিউজবাংলাদেশ.কম/এসবি








