News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৯, ২৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:২৫, ২৪ জানুয়ারি ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে যৌথ উদ্যোগের চুক্তি চূড়ান্ত করল টিকটক

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে যৌথ উদ্যোগের চুক্তি চূড়ান্ত করল টিকটক

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে নতুন একটি যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) চূড়ান্ত করেছে। এই উদ্যোগের মাধ্যমে একটি মার্কিন সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন প্রতিষ্ঠান গঠিত হবে, যা ২০ কোটিরও বেশি ব্যবহারকারীর ডেটা ও তথ্যের সুরক্ষা নিশ্চিত করবে।

চুক্তি অনুযায়ী, নতুন উদ্যোগে আমেরিকান ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ৮০.১ শতাংশ মালিকানা পাবেন। বাইটড্যান্সের হাতে থাকবে ১৯.৯ শতাংশ। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি এই তথ্য প্রকাশ করেছে।

‘টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি’ নামের এই প্রতিষ্ঠান ব্যবহারকারীর ডেটা প্রাইভেসি ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করবে। উদ্যোগে ক্লাউড কম্পিউটিং জায়ান্ট ওরাকল, প্রাইভেট ইকুইটি গ্রুপ সিলভার লেক এবং আবুধাবি-ভিত্তিক এমজিএক্স বিনিয়োগকারী হিসেবে থাকবেন, প্রত্যেকের হাতে ১৫ শতাংশ শেয়ার থাকবে। এছাড়া ডেল ফ্যামিলি অফিস, ভাস্টমেয়ার স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস, আলফা ওয়েভ পার্টনারস, রেভোলিউশন, মেরিট ওয়ে, ভিয়া নোভা, ভার্গো এলআই এবং এনজেজে ক্যাপিটালও এতে অংশগ্রহণ করেছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ২০২০ সালের আগস্টে জাতীয় নিরাপত্তার অজুহাতে টিকটক নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে এই নতুন উদ্যোগকে সোশ্যাল মিডিয়া জায়ান্টটির জন্য বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

টিকটক জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে ইউএস ব্যবহারকারীদের তথ্যের ওপর ভিত্তি করে অ্যাপের কনটেন্ট রিকমেন্ডেশন অ্যালগরিদম নতুন করে প্রশিক্ষণ, পরীক্ষা ও আপডেট করা হবে। অ্যালগরিদমটি ওরাকলের ইউএস ক্লাউডে সুরক্ষিত থাকবে।

আরও পড়ুন: ইউটিউব শর্টসে আসছে এআই অবয়ব

উল্লেখ্য, টিকটক ইউএসডিএসের সাবেক কর্মকর্তা অ্যাডাম প্রেসার ও উইল ফারেল যথাক্রমে সিইও ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। টিকটকের বর্তমান সিইও শাউ চ্যু নতুন উদ্যোগের বোর্ডেও থাকবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়