ইউটিউব শর্টসে আসছে এআই অবয়ব
ছবি: সংগৃহীত
স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরির সহজ সুযোগ থাকায় ইউটিউব শর্টস ভিডিও নির্মাতাদের কাছে দারুণ জনপ্রিয়। এবার এই প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবয়ব ব্যবহারের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে ইউটিউব। এর ফলে নির্মাতারা নিজেদের ডিজিটাল অবয়ব ব্যবহার করে শর্টস ভিডিও তৈরি করতে পারবেন।
ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নীল মোহন জানিয়েছেন, চলতি বছর থেকেই এই সুবিধা চালু হবে। নির্মাতারা শুধু অবয়ব নয়, লিখিত প্রম্পট দিয়ে গেম তৈরি এবং মিউজিক নিয়ে পরীক্ষাও করতে পারবেন।
তিনি বলেন, এআই সৃজনশীলতার সহায়ক হবে, মানুষের বিকল্প নয়।
ইউটিউব জানায়, দ্রুত বর্ধনশীল ফিচার শর্টসের দর্শকসংখ্যা ধরে রাখতে এআইভিত্তিক নতুন টুল যুক্ত করা হচ্ছে। বর্তমানে শর্টসে এআই দিয়ে ভিডিও ক্লিপ তৈরি, স্টিকার ব্যবহার ও স্বয়ংক্রিয় ডাবিংয়ের সুবিধা রয়েছে। নতুন এআই অবয়ব সুবিধাও এসব টুলের সঙ্গে যুক্ত হবে।
আরও পড়ুন: রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিন নতুন স্মার্টফোন আনল শাওমি
এআই অবয়বের অপব্যবহার ঠেকাতে ইউটিউব নিরাপত্তাব্যবস্থাও জোরদার করেছে। গত বছরের অক্টোবরে চালু হওয়া অবয়ব শনাক্তকরণ প্রযুক্তি দিয়ে কোনো নির্মাতার মুখ বা কণ্ঠ ব্যবহার করে তৈরি এআই কনটেন্ট শনাক্ত করা যাবে। প্রয়োজনে নির্মাতারা ওই ভিডিও অপসারণের অনুরোধ জানাতে পারবেন। সূত্র: টেকক্রাঞ্চ
নিউজবাংলাদেশ.কম/এসবি








