বাংলার প্রথম এআই প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ উদ্বোধন
ছবি: সংগৃহীত
বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করল দেশের প্রথম পূর্ণাঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই (kagoj.ai)’। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’। বাংলা ভাষাকে আধুনিক ডিজিটাল প্রযুক্তির সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করাই এই দুই উদ্যোগের মূল লক্ষ্য।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে এক অনুষ্ঠানে এ দুটি প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি।
প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, গত দুই সপ্তাহে প্রায় চার হাজার ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে ‘কাগজ ডট এআই’ ব্যবহার করেছেন এবং এতে সন্তোষজনক ফল পাওয়া গেছে।
তিনি বলেন, বাংলা ভাষাকে সবার জন্য আরও উন্মুক্ত করতে এই প্ল্যাটফর্মের এপিআই উন্মুক্ত করে দেওয়া হবে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা নিশ্চিত করে সোর্স কোড উন্মুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ভাষার স্থানীয় সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে দেশের প্রতিটি নৃগোষ্ঠীর ভাষা থেকে ১০ হাজার ওরাল মিনিট সংগ্রহ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে একটি বাংলা এলএলএম (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল) তৈরির কাজ এগিয়ে নেওয়া হবে। ডেভেলপমেন্ট জার্নি ও ইকোসিস্টেমে ভাষাগুলোকে যুক্ত করা গেলে সাইবার স্পেসে সেগুলোকে টিকিয়ে রাখা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: নকিয়ার সঙ্গে বিপিসিএস কনসোর্টিয়াম সদস্যদের এসএলটিই চুক্তি স্বাক্ষর
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বর্তমানে যেসব টুল নিয়ে কাজ চলছে, সেগুলোর এপিআই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। যত বেশি ব্যবহারকারী এসব টুল ব্যবহার করবেন, তত বেশি সমস্যা শনাক্ত হবে, যা উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে এবং ডেভেলপমেন্ট স্পিড বাড়াবে।
অনুষ্ঠানে জানানো হয়, ‘কাগজ ডট এআই’ বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি প্রণয়ন, ভাষা প্রক্রিয়াকরণ এবং কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার নিশ্চিত করবে।
সংশ্লিষ্টদের মতে, এটি বাংলা ভাষার ডিজিটাল উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ এর আগে বাংলা ভাষার জন্য এমন কোনো পূর্ণাঙ্গ এআই প্ল্যাটফর্ম চালু হয়নি।
এদিকে একই অনুষ্ঠানে উন্মোচিত নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ মূলত দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের কথা বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এই ফন্ট কম্পিউটারনির্ভর বাংলা লেখার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সীমাবদ্ধতা দূর করতে সহায়ক হবে, ফলে সরকারি ও বেসরকারি দপ্তরে বাংলা ব্যবহারের মান আরও উন্নত হবে।
অনুষ্ঠানে সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আমন্ত্রিত অতিথিরা।
উল্লেখ্য, উদ্বোধন হওয়া ‘কাগজ ডট এআই’ ও বাংলা ফন্ট ‘জুলাই’—এই দুই সেবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








