শহীদ মিনারে শ্রদ্ধা শেষে বনানীতে শায়িত হবেন আতাউর রহমান
দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমান। ছবি: সংগৃহীত
দেশের বরেণ্য অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমানের মরদেহ আজ মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত শহীদ মিনারে তার মরদেহ রাখা হবে। এরপর মগবাজারে নিজ বাসভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
সোমবার (১১ মে) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার (৮ মে) বাসায় পড়ে গিয়ে গুরুতর আহত হন আতাউর রহমান। এরপর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
বাংলাদেশের মঞ্চনাটক আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন আতাউর রহমান। অভিনয়, নাট্যরচনা ও নির্দেশনায় অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারসহ বহু সম্মাননা অর্জন করেন।
আরও পড়ুন: নাট্যজন আতাউর রহমান আর নেই
তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








