বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৭, ১২ মে ২০২৬

নাট্যজন আতাউর রহমান আর নেই

নাট্যজন আতাউর রহমান আর নেই

আতাউর রহমান। ছবি: সংগৃহীত

দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান মারা গেছেন। টানা ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান।

রওনক হাসান বলেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মঞ্চসারথি আতাউর রহমান না ফেরার দেশে চলে গেলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।”

জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও আইসিইউ সুবিধা না পাওয়ায় পরে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওইদিন শারীরিক অবস্থার সাময়িক উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। তবে পরে আবার অবস্থার অবনতি হলে রোববার তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন আতাউর রহমান। তিনি ছিলেন বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম অগ্রপথিক। একাধারে নাট্যকার, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক হিসেবে দীর্ঘ সময় সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। 

আরও পড়ুন: সংকটাপন্ন কারিনা কায়সার, এয়ার অ্যাম্বুল্যান্সে নেওয়া হচ্ছে ভারতে

বিশেষ করে স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনে তার ভূমিকা ছিল অনন্য। সংস্কৃতি ও নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়