News Bangladesh

বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৬, ২০ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৪৭, ২০ জানুয়ারি ২০২৬

মুক্তির অপেক্ষায় ‘ওসিডি’, নতুন লুকে জয়া আহসান

মুক্তির অপেক্ষায় ‘ওসিডি’, নতুন লুকে জয়া আহসান

জয়া আহসান। ছবি: সংগৃহীত

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান বরাবরই পরিচিত অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বপূর্ণ সৌন্দর্যের জন্য। ট্র্যাডিশনাল কিংবা ওয়েস্টার্ন—যে কোনো লুকেই তার আভিজাত্য ও নিজস্বতার ছাপ স্পষ্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভিন্ন ভিন্ন রূপে নিজেকে উপস্থাপন করেন এই অভিনেত্রী, আর এবারও তার ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি নতুন ছবি শেয়ার করেন জয়া আহসান। প্রকাশের পরপরই তার এই ব্যতিক্রমী লুক নজর কাড়ে ভক্তদের। ছবিগুলোতে তাকে দেখা গেছে নীল রঙের কারুকাজ করা ব্লাউজ ও গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে। ভারী গয়না, নাকে বড় নথ এবং কপালের টিকলি তার লুকে যোগ করেছে বাড়তি আভিজাত্য।

পুরোনো বাড়ি ও স্থাপত্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন জয়া। ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের জোয়ারে ভাসে তার সোশ্যাল মিডিয়া। ভক্তদের অনেকেই মনে করছেন, সময় বদলালেও জয়ার আবেদন ও অনুভূতির গভীরতা আজও অটুট। তবে কেউ কেউ মন্তব্য করেছেন, এসব ছবিতে বয়সের ছাপও খানিকটা স্পষ্ট হয়েছে।

এদিকে বড় পর্দায় জয়ার নতুন কাজ দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। তার অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ (OCD) মুক্তি পাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় নির্মিত এ সিনেমায় জয়াকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে।

আরও পড়ুন: অনুষ্ঠানে ‘বেবিবাম্প’ স্পষ্ট, দ্বিতীয়বার মা হওয়ার প্রশ্নে যা জানালেন বুবলী

ট্রমা ও সামাজিক সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি নিয়ে দুই বাংলার দর্শকদের মধ্যেই ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়