বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৪, ২৭ জুলাই ২০২৬

‘ধুম ৪’-এ নেই রণবীর কাপুর, নিজেই ভাঙলেন দীর্ঘদিনের গুঞ্জন

‘ধুম ৪’-এ নেই রণবীর কাপুর, নিজেই ভাঙলেন দীর্ঘদিনের গুঞ্জন

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই বলিউডে গুঞ্জন ছিল, জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ধুম-এর চতুর্থ কিস্তি ধুম ৪-এ দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে। তবে অবশেষে এ বিষয়ে মুখ খুলে সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন তিনি। রণবীর স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে ধুম ৪-এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো কমিক-কনে রামায়ণ সিনেমার প্রচারণায় অংশ নেন রণবীর কাপুর। এ সময় পরিচালক নিতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা এবং সহ-অভিনেতা ইয়াশের সঙ্গে এক সাক্ষাৎকারে অংশ নেন তিনি।

সাক্ষাৎকারে উপস্থাপক বলেন, ইয়াশকে শিগগিরই  টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস সিনেমায় দেখা যাবে এবং রণবীর অভিনয় করবেন ধুম ৪-এ। জবাবে রণবীর বলেন, না, আমি এখন রামায়ণ এবং সঞ্জয় লীলা বানসালি পরিচালিত লাভ অ্যান্ড ওয়ার সিনেমার কাজ করছি। লাভ অ্যান্ড ওয়ার আগামী বছরের ২৪ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা।

এর মাধ্যমে তিনি স্পষ্ট করেন, আপাতত তার পুরো মনোযোগ এই দুটি প্রকল্পেই সীমাবদ্ধ।

তবে নিজের আসন্ন সিনেমার তালিকায় রণবীর অ্যানিম্যাল পার্ক-এর নামও উল্লেখ করেননি। ফলে ছবিটির বর্তমান অগ্রগতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে তিনি আলাদা কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন: ছাত্র আন্দোলনে সংহতি, অতঃপর সোয়াইন ফ্লু আক্রান্ত শাবানা আজমি

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বিভিন্ন গণমাধ্যমে রণবীর কাপুরকে ধুম ৪-এর সম্ভাব্য প্রধান চরিত্র হিসেবে উল্লেখ করা হলেও, প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশ রাজ ফিল্মস (YRF) এখন পর্যন্ত সিনেমাটির নির্মাণ, কাস্ট কিংবা মুক্তির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে রণবীরের সাম্প্রতিক বক্তব্যে দীর্ঘদিনের জল্পনার আপাতত ইতি ঘটেছে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়