বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১২, ২৬ জুলাই ২০২৬

ছাত্র আন্দোলনে সংহতি, অতঃপর সোয়াইন ফ্লু আক্রান্ত শাবানা আজমি

ছাত্র আন্দোলনে সংহতি, অতঃপর সোয়াইন ফ্লু আক্রান্ত শাবানা আজমি

ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে শিক্ষার্থীদের চলমান ককরোচ জনতা পার্টি (সিজেপি) আন্দোলনে প্রকাশ্যে সমর্থন ও সংহতি জানিয়ে ব্যাপক আলোচনায় আসা প্রবীণ বলিউড অভিনেত্রী শাবানা আজমি সোয়াইন ফ্লুতে (এইচ১এন১) আক্রান্ত হয়েছেন। 

সোয়াইন ফ্লুর সংক্রমণ ও ১০২ ডিগ্রি তীব্র জ্বরে আক্রান্ত হওয়ার কারণে চিকিৎসকের কঠোর পরামর্শে বর্তমানে তাকে পাঁচ দিনের সম্পূর্ণ আইসোলেশনে বা বিশ্রামে থাকতে হচ্ছে। অসুস্থতার কারণে মুম্বাইয়ে নির্ধারিত একটি প্রতিবাদ কর্মসূচিতেও তিনি সশরীরে উপস্থিত থাকতে পারেননি। 

তবে শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি তার অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা অব্যাহত রেখেছেন এই প্রবীণ অভিনেত্রী।  

শাবানা আজমির টিম ও তার নিজস্ব সামাজিক হ্যান্ডেল থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, গত ২৫ জুলাই নির্ধারিত একটি প্রতিবাদ মিছিলে তার যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ সোয়াইন ফ্লু ধরা পড়া এবং ১০২ ডিগ্রি জ্বর থাকায় চিকিৎসকেরা তাকে সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ দেন। 

৭৫ বছর বয়সী এই অভিনেত্রী ইনস্টাগ্রাম ও অন্যান্য মাধ্যমে জানিয়েছেন যে, সংক্রমণ যাতে অন্যেদের মধ্যে ছড়িয়ে না পড়ে, সেজন্য তিনি নিয়ম মেনে আগামী পাঁচ দিন আইসোলেশনে থাকবেন। 

মুম্বাইয়ের আন্দোলনকারীদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় তিনি বলেন, মাঠপর্যায়ের তরুণ সহকর্মীরা তাকে নিয়মিত আপডেট জানাচ্ছেন এবং তাদের এই সাহসিকতা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে চলেছে। 

আরও পড়ুন: অনলাইনে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিসে দাপট দেখাচ্ছে থালাপতির সিনেমা

চলতি বছরের জুলাই মাসে ভারতের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার এবং বহুল আলোচিত নিট-ইউজি (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে সরব হয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই আন্দোলন জোরালো করতে পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকসহ বহু শিক্ষার্থী দীর্ঘ ২০ দিনেরও বেশি সময় ধরে যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন ও আন্দোলন চালিয়ে যান। গত ২০ জুলাই সংসদ ভবনের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনে দেশজুড়ে একত্রিত হওয়া হাজারো শিক্ষার্থী ও নাগরিকেরা চলো সংসদ কর্মসূচির ডাক দেন। এই মিছিলে চলচ্চিত্র জগতের প্রথমসারির ব্যক্তিত্ব হিসেবে প্রকাশ্যে হেঁটে ইতিহাসের অংশ হন শাবানা আজমি। সে সময় প্রবীণ অভিনেতা প্রকাশ রাজের সঙ্গে একটি ট্রাকে দাঁড়িয়ে থাকা তার ছবি ও আন্দোলনকারীদের নিয়ে তৈরি ভিডিওগুলো সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। 

যন্তর মন্তরের ওই বিক্ষোভে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের আশ্রয় নেয়। এই সংঘর্ষের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাবানা আজমি। পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি জানান যে তিনি একজন হাঁপানির রোগী এবং পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের কারণে তার তীব্র শ্বাসকষ্ট ও অ্যাজমা অ্যাটাক হয়েছিল। তৎক্ষণাৎ তার সঙ্গে থাকা ইনহেলার ব্যবহার করে এবং সহকর্মীদের সহায়তায় তাকে কাছের একটি নিরাপত্তা কেবিন বা ভবনে নিরাপদে নিয়ে যাওয়া হয়। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি কোনো ভয় না পেয়ে পুনরায় আন্দোলনস্থলে ফিরে যান এবং পুলিশের লাঠিচার্জের শিকার আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের এই নজিরবিহীন মনোবল ও সাহসিকতাকে তিনি স্যালুট জানান।  

শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন ও কাইফি আজমির কবিতাআন্দোলনে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাবানা আজমি উল্লেখ করেন যে, শিক্ষার্থীদের দাবিগুলো কোনোভাবেই অযৌক্তিক নয়। দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত ৬ শতাংশ শিক্ষা, জনস্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়নে বরাদ্দ করা উচিত বলে তিনি জোরালো দাবি জানান। 
এছাড়া সত্য কথা বলার মূল্য কতখানি হতে পারে, তা তুলে ধরতে তিনি তার বাবা বিখ্যাত কবি কাইফি আজমির একটি কবিতা আবৃত্তির ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন। 

সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানালেও, আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার বা নেতিবাচক অপপ্রচারের তীব্র প্রতিবাদ করেন। বর্তমানে তার অসুস্থতার খবরে চলচ্চিত্র অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছেন। 

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়