News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৭, ১ মার্চ ২০২৬

‘কিং’ সিনেমায় নতুন চমক দেখাবেন শাহরুখ খান

‘কিং’ সিনেমায় নতুন চমক দেখাবেন শাহরুখ খান

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের। তার অভিনীত ‘কিং’ সিনেমা নিয়ে এলো এবার নতুন তথ্য। সিনেমাটির সংগীত পরিচালক জুটি শচীন-জিগার জানিয়েছেন, এই সিনেমায় শাহরুখ এমন কিছু করতে যাচ্ছেন যা দর্শকদের কাছে সম্পূর্ণ অকল্পনীয়। আর এমন মন্তব্য সামনে আসতেই সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে ভক্ত-দর্শকদের মাঝে কৌতূহল ও উত্তেজনা আরও বেড়েছে। 

সম্প্রতি এ সিনেমার সংগীত পরিচালক জুটি ভারতীয় সংবাদ মাধ্যমে জানান, সিনেমার গানগুলোতে শাহরুখের ‘লিপ-সিঙ্ক’ বা ঠোঁট মেলানোর ধরনে এক নতুনত্ব দেখা যাবে, যা আগে কখনো কোনো সিনেমায় দেখা যায়নি। 

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শচীন জানান, ‘কিং’ সিনেমায় শাহরুখ খানকে একেবারে নতুন রূপে আবিষ্কার করবেন দর্শক। তার লুক থেকে শুরু করে চরিত্রের ধরন; সবকিছুতেই থাকবে বড় পরিবর্তনের ছাপ। শচীনের মতে, দর্শক এমন কিছু বিষয়ে শাহরুখকে পারফর্ম করতে দেখবেন যা সাধারণ ধারণার বাইরে।

এদিকে, ‘কিং’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় হাজির হবেন শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে মেয়ে সুহানা খানকে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত এ সিনেমায় শাহরুখকে একজন অভিজ্ঞ আততায়ীর চরিত্রে এবং সুহানাকে তার শিষ্যের ভূমিকায় দেখা যাবে।

জানা গেছে, ‘পাঠান’ খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ তারিখে বিশ্বজুড়ে মুক্তি পাবে।

আরও পড়ুন: আত্মহত্যা করেছেন অভিনেতা যাহের আলভীর স্ত্রী

‘কিং’ সিনেমার  গানগুলোর সুর করেছেন শচীন-জিগার। আবহ সংগীতের দায়িত্বে রয়েছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র। শাহরুখ ও সুহানা ছাড়াও এই তারকাবহুল সিনেমায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি ও আরশাদ ওয়ার্সির মতো তারকারা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়