আত্মহত্যা করেছেন অভিনেতা যাহের আলভীর স্ত্রী
অভিনেতা যাহের আলভী ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।
আলভী জানান, তিনি বর্তমানে নাটকের শুটিংয়ে নেপাল-এ অবস্থান করছেন। তিনি বলেন, ‘কি কারণে ইকরা আত্মহত্যা করেছে ঠিক জানি না। খবরটি পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার একমাত্র সন্তানের জন্য চিন্তা হচ্ছে।’
২০১০ সালের ৯ নভেম্বর পারিবারিক আয়োজনে ইকরাকে বিয়ে করেন আলভী। দাম্পত্য জীবনের ১৫ বছর পার করেছেন তারা।
কয়েক বছর ধরে অভিনেত্রী ইফফাত আরা তিথি–র সঙ্গে আলভীর প্রেমের গুঞ্জন রয়েছে। যদিও বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন দু’জনই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিথিকে ঘিরেই সংসারে অশান্তি তৈরি হয়েছিল।
গত শুক্রবার ছিল তিথির জন্মদিন। এদিন তার সঙ্গে একটি ছবি শেয়ার করে আলভী ফেসবুকে লেখেন, ‘শুভ জন্মদিন নায়িকা। জীবনে আরো অনেক দূর যেতে হবে। তুমি আমার দেখা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিশ্রমী কো-আর্টিস্ট ও পছন্দেরও। তোমার পরিশ্রম তোমাকে এগিয়ে নিয়ে যাবেই। সহজ, সরল-সুন্দর হোক তোমার জীবন।’
আরও পড়ুন: প্রকাশ্যে বিজয়-রাশমিকার বিয়ের ছবি
এর পরদিনই আসে ইকরার আত্মহত্যার খবর। বর্তমানে নেপালে আলভীর সঙ্গে তিথিও অবস্থান করছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, আলভীর অভিনয়জীবনের সূচনা ২০১২ সালে। বর্তমানে ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








