News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রকাশ্যে বিজয়-রাশমিকার বিয়ের ছবি

প্রকাশ্যে বিজয়-রাশমিকার বিয়ের ছবি

ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা জুটি অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা অবশেষে তাদের বিয়ের ছবি প্রকাশ করেছেন। ভারতের উদয়পুর-এ তেলেগু রীতিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটান নবদম্পতি।

প্রকাশিত ছবিতে দেখা যায়, বিজয় সাদা ধুতি ও লাল জমকালো উত্তরীয় পরেছেন, সঙ্গে ছিল ভারী স্বর্ণালংকার। অন্যদিকে রাশমিকা লাল কারুকার্যখচিত শাড়ি ও কপালে সোনার টায়রা পরে বিয়ের সাজে হাজির হন। দক্ষিণী রীতির অংশ হিসেবে দু’জনের গালেই আঁকা ছিল কালো তিল।

ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় রাশমিকা লেখেন, ওহে আমার ভালোবাসা, এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার স্বামী, মিস্টার বিজয় দেবরাকোন্ডাকে। যে মানুষটি আমাকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা কাকে বলে, যে আমাকে শান্তিতে থাকতে শিখিয়েছে। আমি আজ যে নারী হয়ে উঠেছি, তার পেছনে তোমার অবদান অনেক বেশি। আমার সব অর্জন, সংগ্রাম, সুখ-দুঃখ আজ নতুন অর্থ পেয়েছে কারণ তুমি আমার পাশে রয়েছ।

বিজয়ও নিজের অনুভূতি প্রকাশ করে লেখেন, “একদিন হঠাৎ বুঝতে পারলাম, আমি তাকে মিস করছি—এমনভাবে, যেন সে পাশে থাকলে দিনটি আরও সুন্দর হতো। সে সামনে বসে থাকলে খাবার আরও তৃপ্তিকর লাগত, একসঙ্গে ওয়ার্কআউট করলে ক্লান্তি কম মনে হতো। বুঝলাম, বাড়ির মতো অনুভূতি পাওয়ার জন্য আমার তাকে দরকার। তাই আমার সেরা বন্ধুকেই জীবনসঙ্গী করলাম।”

আরও পড়ুন: চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়

বিয়ের আয়োজনে ছিল ঐতিহ্যবাহী হলুদ ও সংগীত অনুষ্ঠান। এছাড়া উদয়পুরের একটি বিলাসবহুল রিসোর্টে পরিবার ও বন্ধুদের অংশগ্রহণে ‘বিরোশ প্রিমিয়ার লিগ’ নামে প্রীতি ক্রিকেট ম্যাচ এবং পুল ভলিবল ম্যাচের আয়োজন করা হয়, যা অতিথিদের বাড়তি আনন্দ দিয়েছে।

রাজকীয় সাজসজ্জা ও আবেগঘন মুহূর্তে ভরপুর এই বিয়ের ছবি ইতোমধ্যেই ভক্তদের নজর কাড়ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়