News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১০, ১৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:১১, ১৯ জানুয়ারি ২০২৬

অনুষ্ঠানে ‘বেবিবাম্প’ স্পষ্ট, দ্বিতীয়বার মা হওয়ার প্রশ্নে যা জানালেন বুবলী

অনুষ্ঠানে ‘বেবিবাম্প’ স্পষ্ট, দ্বিতীয়বার মা হওয়ার প্রশ্নে যা জানালেন বুবলী

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে শোবিজ অঙ্গনে আবারও নতুন গুঞ্জন ডালপালা মেলেছে। প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের পাঁচ বছর পার হতেই ফের তার মা হওয়ার খবর চাউর হয়েছে। 

সম্প্রতি বিষয়টি আরো জোরালো হয়, যখন একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে হাজির হয়েছিলেন বুবলী এবং তার হাঁটাচলা ও পোশাকের ভঙ্গিতে ক্যামেরায় ‘বেবিবাম্প’ স্পষ্টভাবে ধরা পড়ে।

শোবিজ মহলে এ নিয়ে প্রশ্ন-উত্তর শুরু হলে বুবলী বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে এড়িয়ে যান। তবে তিনি ব্যক্তিগত বিষয়ে মানুষের আগ্রহ থাকা স্বাভাবিক বলে মন্তব্য করেন এবং সেই আগ্রহকে সম্মান জানায়। 

তার ভাষ্য, সাংবাদিকরা মূলত দর্শকদের প্রতিক্রিয়া তুলে ধরেন।

এ সময় বুবলী বলেন, ব্যক্তিগত বিষয়ে আগ্রহ থাকবে, সেটাকে আমি সম্মান করি। তবে আমার মনে হয়, যখন কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে ঘটা করে কোনো প্রোগ্রাম বা ঘোষণা থাকবে, তখনই এসব বিষয়ে কথা বলা উচিত। আজ আমি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে এসেছি, তাই এই আলোচনা আপাতত থাক।

এ ছাড়াও বুবলী সংবাদমাধ্যমে ভুল তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, অনেক সময় তার বক্তব্য না নিয়ে ‘বুবলী বলেছেন’ শিরোনামে খবর তৈরি হয়, যা সঠিক নয়। শুটিংয়ের ব্যস্ততার কারণে ফোন ধরতে না পারলেও তিনি অন্তত একটি মেসেজ প্রত্যাশা করেন। মেসেজের উত্তর না দিলে সেটা বোঝা উচিত যে তিনি ওই বিষয়ে আপাতত কথা বলতে আগ্রহী নন। কিন্তু তার সঙ্গে কথা না বলে তার নামে বক্তব্য বানিয়ে দেওয়া দুঃখজনক বলে মন্তব্য করেন এই নায়িকা।

আরও পড়ুন: সিঙ্গেল মাদার থেকে বড় পর্দার নায়িকা কেয়া আল জান্নাহর যাত্রা

বুবলী আরও বলেন, অনেক সময় বলা হয়, ফোনে পাওয়া যায় না। শুটিংয়ের সময় ফোন ধরা সম্ভব হয় না—এটা ঠিক। কিন্তু অন্তত একটি মেসেজ আশা করি। মেসেজের উত্তর না দিলে সেটার মানে আমরা আপাতত ওই বিষয়ে কথা বলতে চাইছি না। অথচ আমার সঙ্গে কথা না বলেই বক্তব্য বানিয়ে নেওয়া হয়, যা সত্যিই দুঃখজনক।

এই সময় বুবলী জানান যে, বর্তমানে তিনি বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। রোজার ঈদে তার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে, যেখানে দর্শকরা তাকে নতুন চরিত্রে দেখতে পাবেন।

গত বছরের শেষের দিকে বুবলী ও তাদের ছেলে বীর যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটান—সেখানে ছিলেন সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানও। সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন বুবলী। এরপরই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত বুবলী বা শাকিব—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করায় শোবিজ মহলে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

এর আগে ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময়ও বুবলীর বেবিবাম্প নিয়ে গুঞ্জন ওঠে। শাকিব খানের সঙ্গে একটি গানের দৃশ্যে বেবিবাম্প চোখে পড়লে শোবিজে আলোচনা শুরু হয়। 

বুবলী পোশাকের কারণে বিষয়টি এড়িয়ে গেলেও পরে জানা যায়, গুঞ্জনটি ভুল ছিল না—তখন সত্যিই তিনি সন্তানসম্ভবা ছিলেন। সময় গড়ালেও সেই প্রসঙ্গ যেন পিছু ছাড়ছে না। এবার আবারও মাতৃত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়লেন তিনি।

তবে বুবলী নিজে বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু বলেননি, বরং ব্যক্তিগত বিষয়ে “ঘটা করে” কোনো প্রোগ্রাম হলে তখনই কথা বলার ইঙ্গিত দেন। ফলে শোবিজ মহলে নতুন করে জল্পনা তৈরি হলেও, চূড়ান্ত সত্যি বা আনুষ্ঠানিক ঘোষণা এখনও অধরাই।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়