News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৭, ১৭ জানুয়ারি ২০২৬

সমুদ্রের নীল জলে পরীমণির অবকাশ, ফিরছেন শুটিংয়ে

সমুদ্রের নীল জলে পরীমণির অবকাশ, ফিরছেন শুটিংয়ে

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি বর্তমানে মালয়েশিয়ার নান্দনিক পর্যটন দ্বীপ লাংকাউইয়ে ব্যক্তিগত অবকাশ যাপনে রয়েছেন। ব্যস্ত শুটিং সূচি ও ব্যক্তিগত জীবনের কাজের চাপ থেকে কিছুটা বিরতি নিতেই সন্তানদের সঙ্গে নিয়ে সেখানে সময় কাটাচ্ছেন তিনি। তবে ছুটির আমেজে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাংকাউইয়ের সমুদ্র সৈকতে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করেন পরীমণি। 
ছবিতে তাকে লাইফ জ্যাকেট পরা অবস্থায় সমুদ্রের নীল জলে ভাসতে দেখা যায়। চোখে রোদচশমা আর হাস্যোজ্জ্বল মুখে ফুরফুরে মেজাজে ধরা দেওয়া এই ছবিগুলো নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ছবির ক্যাপশনে কিছুটা রসিকতা মিশিয়ে পরীমণি লেখেন, ‘আমি জানি, শীতের সকালে এই ধরনের ছবি দেখলে কেমন লাগে। যাই হোক, শুভ সকাল।’

পর্দার বাইরেও ব্যক্তিজীবনের ছোটোখাটো মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন এই নায়িকা। এবারের মালয়েশিয়া সফরটিও তার ব্যতিক্রম নয়। নিয়মিত ছবি ও ভিডিও আপলোড করে তিনি নিজের ভালো লাগার মুহূর্তগুলো পৌঁছে দিচ্ছেন ভক্তদের কাছে। মূলত একটি বিশেষ অনুষ্ঠান শেষে ক্লান্তি দূর করতেই এই দ্বীপরাষ্ট্রটিকে বেছে নিয়েছেন তিনি।

আরও পড়ুন: ৮ দিন ধরে কথা বলতে পারছেন না শবনম ফারিয়া

তবে এই অবকাশ যাপন শেষে পরীমণি ফিরছেন তার চিরচেনা কর্মস্থল ক্যামেরার সামনে। দীর্ঘদিন ধরে আটকে থাকা ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমা ‘প্রীতিলতা’র মাধ্যমে আবারও চলচ্চিত্রে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটির আংশিক শুটিং ২০২০ সালে সম্পন্ন হয়েছিল। এরপর নানা কারণে কাজ থেমে থাকলেও, এবার ছবিটির বাকি অংশ শেষ করার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ জানান, পরীমণির সঙ্গে আলোচনার মাধ্যমে ইতোমধ্যে শুটিংয়ের নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে সিনেমাটির অবশিষ্ট অংশের দৃশ্যধারণ করা হবে। ২০২১ সালে ছবিটির ‘ফার্স্ট লুক’ প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছিল। 

নির্মাতার মতে, অসম্পূর্ণ কাজ শেষ করে সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসার জন্য পুরো টিম এখন পুরোপুরি প্রস্তুত।

অবকাশ কাটিয়ে দেশে ফিরেই পরীমণি ‘প্রীতিলতা’র শুটিং টিমে যোগ দেবেন বলে জানা গেছে। গ্ল্যামারাস ইমেজ ভেঙে প্রীতিলতার মতো ঐতিহাসিক চরিত্রে তাকে দেখার জন্য এখন মুখিয়ে আছেন সিনেমাপ্রেমীরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়