News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৬, ১৬ জানুয়ারি ২০২৬

তিন বছর পর রেকর্ড ভাঙা বিশ্ব ট্যুরে ফিরছে বিটিএস

তিন বছর পর রেকর্ড ভাঙা বিশ্ব ট্যুরে ফিরছে বিটিএস

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস তিন বছরের বিরতির পর রেকর্ড ভাঙা বিশ্ব ট্যুরে ফিরছে। ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হবে এ যাবৎকালের সবচেয়ে বড় কে-পপ ওয়ার্ল্ড ট্যুর।

কোরিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয়ে আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে এই ট্যুর। এ সময়ে বিটিএস বিশ্বের ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট আয়োজন করবে।

বুধবার মধ্যরাতে বৈশ্বিক ফ্যানডম প্ল্যাটফর্ম উইভার্সে বিটিএস ওয়ার্ল্ড ট্যুরের আনুষ্ঠানিক পোস্টার প্রকাশ করা হয়। সেখানে বিভিন্ন দেশের কনসার্টের সূচিও জানানো হয়। ট্যুর শুরু হবে দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গোইয়াং স্টেডিয়ামে ৯, ১০ ও ১২ এপ্রিল তিন দিনের কনসার্টের মাধ্যমে।

এই ট্যুরে বিটিএস উত্তর আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পারফর্ম করবে। আয়োজক প্রতিষ্ঠান লাইভ নেশন জানিয়েছে, কোনো কে-পপ গ্রুপের একক ট্যুর হিসেবে এটি সর্বাধিক কনসার্টের রেকর্ড গড়তে যাচ্ছে।

এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কয়েকটি নতুন শহরে কনসার্ট করবে বিটিএস। পাশাপাশি আর্জেন্টিনা, পেরু ও কলম্বিয়াতেও শো আয়োজনের পরিকল্পনা রয়েছে। দলের ১৩ বছরের সংগীতযাত্রা উদযাপন উপলক্ষে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানে ১২ ও ১৩ জুন বিশেষ কনসার্ট অনুষ্ঠিত হবে।

আগামী বছর জাপান ও মধ্যপ্রাচ্যে আরও কয়েকটি কনসার্টের তারিখ ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, বিটিএসের সর্বশেষ ট্যুর হয়েছিল ২০২২ সালে লাস ভেগাসে ‘বিটিএস: পারমিশন টু ড্যান্স অন স্টেজ’। এরপর দলের সদস্যরা বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ও একক ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন।

আরও পড়ুন: ৮ দিন ধরে কথা বলতে পারছেন না শবনম ফারিয়া

এই বিরতির পর কনসার্ট মঞ্চে ফেরার পাশাপাশি প্রায় তিন বছর নয় মাস পর নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনাও জানিয়েছে বিটিএস। তাদের আগের অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশিত হয়েছিল ২০২২ সালের জুনে। নতুন অ্যালবাম মুক্তি পাবে আগামী ২০ মার্চ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়