News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৮, ১৩ জানুয়ারি ২০২৬

‘বিচ্ছেদের গুজবটি সত্য, আমরা আলাদা’

‘বিচ্ছেদের গুজবটি সত্য, আমরা আলাদা’

রোজা আহমেদ ও তাহসান খান। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবন অল্প সময়ের মধ্যেই সমাপ্তি ঘটেছে। গত বছরের শুরুতে বিয়ে হওয়ার খবর প্রকাশের পর চলতি বছরের শুরুতেই আলাদা হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তাহসান।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

দীর্ঘদিন ধরেই তাহসান ও রোজার বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও শোবিজ অঙ্গনে গুঞ্জন চলছিল। 

এ প্রসঙ্গে একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তাহসান খান বলেন, যে গুজব ছড়িয়েছে, তা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। গত জুলাই মাসের শেষ দিক থেকেই আমাদের পথ আলাদা হয়ে গেছে। খুব শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দেওয়া হবে। 

জানা গেছে, গত জুলাই মাসের শেষ দিক থেকেই তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না।

বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

তাহসান বলেন, প্রচুর সংবাদ হচ্ছে, প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই। আমাকে একটু বাঁচতে সাহায্য করুন। 

আরও পড়ুন: বৈবাহিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন তাহসান

তিনি জানান, এ পরিস্থিতিতে মানসিকভাবে চাপে রয়েছেন এবং বিভিন্ন সংবাদ ও ফোন কলের কারণে নিজেকে আড়াল করতেও পারছেন না।

সংগীতাঙ্গনে অত্যন্ত জনপ্রিয় তাহসান নাটকে অভিনয়ের মাধ্যমেও সমানভাবে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। তিনি কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

তাহসান ও রোজার সম্পর্কের শুরু মাত্র চার মাসের পরিচয়েই ২০২৫ সালের ৪ জানুয়ারি বিয়ে হয়। রোজা আহমেদ পেশাদার ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, যিনি এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন এবং নিউইয়র্কে নিজের একটি মেকআপ প্রতিষ্ঠান পরিচালনা করেন।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তাহসানের বিয়ে হয়েছিল অভিনেত্রী ও সংগীতশিল্পী মিথিলার সঙ্গে। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে, যদিও তাদের আলাদা হওয়ার প্রক্রিয়া দুই বছরের আগেই শুরু হয়েছিল। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান আছে—আইরা তাহরিম খান।

তাহসানের দ্বিতীয় বিবাহের অল্প সময়ের মধ্যেই বিচ্ছেদের এই খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ মাধ্যমে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। গায়ক ও অভিনেতা হিসেবে উভয় মাধ্যমেই সমান জনপ্রিয়তা অর্জন করা তাহসান এখন ব্যক্তিগত জীবনের শান্তি ও সময় চান, যা এই ঘোষণার মাধ্যমে তিনি প্রত্যেককে জানিয়ে দিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়