News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৪, ১১ জানুয়ারি ২০২৬

বৈবাহিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন তাহসান

বৈবাহিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন তাহসান

ছবি: সংগৃহীত

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বৈবাহিক সম্পর্ক নিয়ে গত কয়েকদিন ধরে চলা নানামুখী গুঞ্জনের অবসান ঘটেছে। খোদ তাহসান খানই নিশ্চিত করেছেন যে, বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে। 

গত বছরের ৪ জানুয়ারি বরিশালের মেয়ে ও নিউইয়র্ক প্রবাসী ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। তবে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার এই সময়ে এসে উৎসবের বদলে বিচ্ছেদের করুণ সুরই বাজছে এই তারকার জীবনে।

বিচ্ছেদ নিয়ে যা বললেন তাহসান শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তাহসান খান সরাসরি বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেন। 

তিনি জানান, কয়েক মাস ধরেই তারা আলাদা থাকছেন। তাহসানের ভাষ্যমতে, খবরটি সত্য। গত বছরের জুলাইয়ের শেষ দিক থেকেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিবাহবার্ষিকী ও জন্মদিন উদ্‌যাপনের যেসব খবর ছড়িয়েছে, সেগুলোকে ভুয়া বলে দাবি করেছেন তিনি। 

তিনি বলেন, আমি প্রকাশ্যে এসব নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু আমাদের বিবাহবার্ষিকী নিয়ে মিথ্যা খবর ছড়ানো হচ্ছিল বলেই বিষয়টি স্পষ্ট করতে হলো। আমরা এখন আর একসঙ্গে নেই।

মানসিক অবস্থা ও প্রবাস জীবন বর্তমানে নিজের শারীরিক ও মানসিক অবস্থা খুব একটা ভালো নয় বলে জানিয়েছেন তাহসান। গত সেপ্টেম্বর থেকে তিনি অস্ট্রেলিয়া ভ্রমণে রয়েছেন। এই কঠিন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং গান থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। 
তাহসান বলেন, আমি এখন একা ট্রাভেল করছি, বই পড়ছি। এই কঠিন সময় কাটিয়ে ওঠার জন্য সবার দোয়া চাই। 

বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনই বিস্তারিত কিছু না বললেও বিষয়টিকে 'বড় প্রসঙ্গ' হিসেবে উল্লেখ করে তিনি জানান, সব চূড়ান্ত হলে তিনি নিজেই ভক্তদের বিস্তারিত জানাবেন।

আরও পড়ুন: ক্যাটরিনা-ভিকির পুত্রের নাম রাখলেন ‘বিহান’

রোজার সাবেক প্রেমিকের বিস্ফোরক মন্তব্য এদিকে তাহসান ও রোজার বিচ্ছেদের খবরের সমান্তরালে আলোচনায় উঠে এসেছে রোজার সাবেক প্রেমিকের কিছু চাঞ্চল্যকর দাবি। 

সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ওই যুবক দাবি করেন, রোজার সঙ্গে তার দীর্ঘ ৯ বছরের ‘চাইল্ডহুড প্রেম’ ছিল। 

তার দাবি অনুযায়ী, মাত্র তিন থেকে সাড়ে তিন মাস আগে তাদের সম্পর্কের ইতি ঘটেছে, অথচ প্রচার করা হচ্ছে তাহসান ও রোজা এক বছর ধরে সম্পর্কে ছিলেন। 

ওই যুবক আরও দাবি করেন, তাহসানের কারণেই তাদের দীর্ঘদিনের সম্পর্ক ভেঙেছে এবং তিনি নিজেকে প্রতারণার শিকার মনে করছেন।

আর্থিক লেনদেন ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক রোজার সাবেক প্রেমিক আরও কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। 

তিনি দাবি করেন, রোজা আহমেদ নিউইয়র্ক থেকে কসমেটিকসের ওপর যে ডিগ্রির কথা বলছেন, তা সত্য নয়; কারণ তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এমন কোর্সে ভর্তি হওয়া সম্ভব নয়। এছাড়া রোজা তার কাছ থেকে বিদেশ যাওয়ার সময় প্রায় ১৫ লাখ টাকা ধার নিয়েছিলেন, যা এখনো ফেরত পাননি বলে জানান তিনি। এমনকি এক মাস আগেও রোজা তাকে ফোন করে পুরনো সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করেছিলেন বলে তার দাবি।

সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সাবেক প্রেমিকের এমন বিস্ফোরক মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নেটিজেনদের বড় একটি অংশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন না। 
অনেকের মতে, একজন ব্যক্তিত্ববান পুরুষের উচিত নয় বিচ্ছেদের পর তার প্রাক্তন সঙ্গিনীর ব্যক্তিগত বিষয় এভাবে জনসমক্ষে তুলে ধরা। ফলে রোজার অতীত নিয়ে কথা বলতে গিয়ে ওই যুবক নিজেই এখন অনলাইন সমালোচনার মুখে পড়েছেন।

উল্লেখ্য, এটি ছিল তাহসান খানের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালে তিনি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন, যার সমাপ্তি ঘটে ২০১৭ সালে। দীর্ঘ বিরতির পর রোজার সঙ্গে নতুন জীবন শুরু করলেও বছর না ঘুরতেই সেই সম্পর্কেও ইতি টানলেন এই জনপ্রিয় তারকা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়