News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৭, ৫ জানুয়ারি ২০২৬

আসছে ঢাকাই সুপারস্টারের নতুন প্রেমের গল্প, সঙ্গী হানিয়া

আসছে ঢাকাই সুপারস্টারের নতুন প্রেমের গল্প, সঙ্গী হানিয়া

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান দীর্ঘ দুই দশক ধরে চলচ্চিত্র অঙ্গনে নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন। বিশেষ করে ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমার আকাশচুম্বী সাফল্যের পর তার ক্যারিয়ারে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় এবং দর্শকদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে ফের রোমান্টিক ঘরানার সিনেমায় ফিরছেন এই সুপারস্টার। আর এই নতুন প্রজেক্টে তার বিপরীতে কোনো পাকিস্তানি নায়িকাকে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি শুধু লগ্নি করা অর্থই তুলে আনেনি, বরং গ্লোবাল মার্কেটে বাংলা সিনেমার নতুন দুয়ার খুলে দিয়েছে। এই ছবির সাফল্যের পর শাকিব খানকে মূলত ‘তুফান’, ‘বরবাদ’ এবং ‘তাণ্ডব’-এর মতো অ্যাকশন ঘরানার সিনেমাতেই বেশি দেখা গেছে। এমনকি তার নির্মাণাধীন ‘প্রিন্স’ সিনেমাটিও অ্যাকশন ধাঁচের হতে যাচ্ছে। তবে ভক্তদের জন্য চমক হিসেবে চলতি বছরেই শাকিব ফিরছেন একদম পিওর রোমান্টিক লুকে।

শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, চলতি বছরে মুক্তি পেতে যাওয়া তার নতুন একটি রোমান্টিক সিনেমায় একজন পাকিস্তানি নায়িকাকে চূড়ান্ত করা হতে পারে। ইতোমধ্যে পাকিস্তানের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে প্রাথমিক যোগাযোগও সম্পন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি যার নাম আলোচনায় আসছে, তিনি হলেন পাকিস্তানের জনপ্রিয় তারকা হানিয়া আমির।

আরও পড়ুন: কলকাতার নায়িকা আউট-বন্ধ শুটিং, শাকিবের প্রিন্স নিয়ে জটিলতা

একটি বিশ্বস্ত সূত্রের দাবি, গত আগস্ট মাসে হানিয়া আমিরের বাংলাদেশে আসার আগেই শাকিব খানের টিমের সঙ্গে সিনেমাটি নিয়ে তার প্রাথমিক কথাবার্তা হয়েছিল। অভিনেত্রীর টিমও শাকিবের সঙ্গে কাজ করার ব্যাপারে মৌখিকভাবে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে। তবে বড় একটি কারণে এখনো আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি। জানা গেছে, হানিয়া আমির আগামী কয়েক মাসের মধ্যে বেশ ধুমধাম আয়োজনে তার দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সময়ের শিডিউল মিললে তবেই তিনি শাকিবের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন। ফলে হানিয়া আমির চূড়ান্ত না হলে পাকিস্তানের অন্য কোনো পরিচিত মুখকেও এই সিনেমায় দেখা যেতে পারে।

রোমান্টিক সিনেমার এই আলোচনার মাঝেই শাকিব খান ব্যস্ত রয়েছেন তার নিয়মিত প্রজেক্টগুলো নিয়ে। শিগগিরই তিনি শুরু করবেন ‘প্রিন্স’ সিনেমার শুটিং, যেখানে অভিনয় করছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ এবং সাবিলা নূর। এছাড়া তার ‘সোলজার’ সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের উন্মাদনা তুঙ্গে।

চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন, শাকিব খানের এই অ্যাকশন ও রোমান্টিক প্রজেক্টগুলোর সংমিশ্রণ ঢাকাই সিনেমার ব্যবসায়িক মন্দা কাটাতে বড় ভূমিকা রাখবে। বিশেষ করে ‘প্রিয়তমা’র পর সিনেমা হলগুলো যে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল, ভিনদেশি নায়িকার সঙ্গে শাকিবের নতুন কেমিস্ট্রি সেই পালে আরও হাওয়া দেবে। ব্ল্যাকারদের দৌরাত্ম্য থাকলেও সিনেমার টিকিট নিয়ে দর্শকদের মাঝে যে হাহাকার তৈরি হয়, তা ঢাকাই সিনেমার পুনর্জীবনেরই ইঙ্গিত।

শাকিবের বিপরীতে শেষ পর্যন্ত কোন পাকিস্তানি সুন্দরীকে দেখা যাবে, তা নিশ্চিত হতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে চলতি বছরের মধ্যেই বড় পর্দায় এই জুটির রসায়ন দেখার সম্ভাবনা শতভাগ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়