ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
ফাইল ছবি
রাজধানীর সাতটি কলেজকে কেন্দ্র করে গঠিত হতে যাওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অধ্যাদেশের চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে এটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অধ্যাদেশ চূড়ান্তকরণের আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে জনমত গ্রহণ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় এবং বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের মতো গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করা হয়েছে। চূড়ান্ত খসড়া প্রস্তুতির ক্ষেত্রে অংশীজনদের যৌক্তিক প্রত্যাশা প্রতিফলিত করা এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার কাঠামো নির্ধারণ করাই ছিল মূল লক্ষ্য।
২০১৭ সালে এই সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষায় ৮টি নির্দিষ্ট ক্যালকুলেটর ব্যবহারে অনুমতি
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সংস্কার কাজ ধাপে ধাপে সম্পন্ন করতে হয়। জনদুর্ভোগ সৃষ্টি বা স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার মতো কর্মসূচি থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের বিশেষ আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় বিশ্বাস করে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এবং দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








