টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন ‘পিচ্চি রাজা’
ছবি: সংগৃহীত
আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে নেমে পালিয়েছেন রাজধানীর মোহাম্মদপুরের মাদক কারবারি হিসেবে পরিচিত পিচ্চি রাজা ওরফে বাদশা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন নওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আদালতে হাজিরা শেষে সন্ধ্যায় অন্যান্য হাজতির সঙ্গে পিচ্চি রাজাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে নওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে তিনি বাথরুমে যাওয়ার কথা জানান। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে বাথরুমে নিয়ে গেলে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যান তিনি।
পুলিশ জানায়, পিচ্চি রাজা মোহাম্মদপুর এলাকার মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট
চলতি বছরের ১৯ মে নেপাল থেকে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেফতার করা হয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








