স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দুই মাসে ৬৯ কোটি ডলারের বিদেশি ঋণ পরিশোধ করল বাংলাদেশ

দুই মাসে ৬৯ কোটি ডলারের বিদেশি ঋণ পরিশোধ করল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।

রবিবার (২৭ সেপ্টেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পরিশোধিত অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি বাবদ ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা পরিশোধ করেছে বাংলাদেশ। আর সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।

এদিকে চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। একই সময়ে নতুন করে ২৪ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা

গত অর্থবছরের একই সময়ে নতুন বিদেশি ঋণের প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে নতুন ঋণের প্রতিশ্রুতি কমেছে ৩৮ লাখ ডলার।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়