লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা-নাতি-নাতনির মৃত্যু
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবু সিদ্দিক (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)। স্থানীয়দের ভাষ্য, দাদা আবু সিদ্দিককে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় দুই শিশু।
নিহত আবু সিদ্দিক পাটোয়ারী শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। পিয়াস তার ছেলে আব্দুল আজিজের সন্তান এবং পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।
স্থানীয়রা জানান, আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ডুব দেন। দীর্ঘ সময় পার হলেও তিনি আর পানির ওপরে ওঠেননি।
পরে পিয়াস ও পপি তাকে খুঁজতে পানিতে নামে। একপর্যায়ে তারাও পানিতে ডুবে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
ধারণা করা হচ্ছে, আবু সিদ্দিক পানিতে ডুব দিয়ে স্ট্রোক করেছেন। যার কারণে তিনি ডুব দিলেও আর উঠতে পারেননি। এতে তাকে বাঁচাতে গিয়ে নাতি-নাতনিও পানিতে ডুবে মারা গেছে।
শাকচর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজন মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। খুবই দুঃখজনক। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








