মোবাইল কোর্ট করতে অনুমতি লাগবে বলা সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
ছবি: সংগৃহীত
ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়াকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
রবিবার (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করার পরিবর্তে সাইদুর রহমান ভুঁইয়া ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি করেন, আদালত চলাকালীন আদালতের প্রতি বিরূপ মন্তব্য করেন এবং আদালত অবমাননাকর আচরণ করেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে পরিচালিত মোবাইল কোর্টে বাধা প্রদান ও অসম্মান করে তিনি ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ করেছেন।
আরও বলা হয়, উল্লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইনবহির্ভূত। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থি হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ধারায় অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারায় তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সরকারি জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগে পারভেজ নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আরও পড়ুন: মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, ৬ জনের মৃত্যু
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলাকালে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে তাকে ‘মোবাইল কোর্ট পরিচালনায় অনুমতি লাগবে’ এমন মন্তব্য করতেও শোনা যায়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








