নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৬, ২১ আগস্ট ২০২৬

মোহাম্মদপুরে অস্ত্র ও মাদকসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

মোহাম্মদপুরে অস্ত্র ও মাদকসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সেলিম আশরাফী ওরফে ‘চুয়া সেলিম’

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত শীর্ষ মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের দুই সদস্যসহ মোট তিন দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। 

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর বছিলায় অবস্থিত র‍্যাব-২ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম (ওরফে চোরা সেলিম), চাঁদ উদ্যান এলাকার কিশোর গ্যাং মাহী গ্রুপ-এর সেকেন্ড ইন কমান্ড মো. জয় এবং মোহাম্মদপুরের বিজলী মহল্লা এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. রতন ওরফে বোমা রতন।

সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক জানান, জেনেভা ক্যাম্পের অপরাধ জগতের নিয়ন্ত্রণকারী হিসেবে পরিচিত চুয়া সেলিম মূলত ওই এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি এবং খুনের মতো গুরুতর অপরাধের মূল পৃষ্ঠপোষক। তার বিরুদ্ধে বর্তমানে ৩৬টি মামলা বিচারাধীন রয়েছে এবং সে হত্যা ও মাদকের একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং ১১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এর আগে গত বছরের ৮ জানুয়ারি ধানমন্ডি এলাকা থেকে তাকে একবার গ্রেফতার করেছিল র‍্যাব।

আরও পড়ুন: জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেফতার

একই দিনে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় পরিচালিত অপর একটি অভিযানে কুখ্যাত মাহী গ্রুপ-এর সেকেন্ড ইন কমান্ড জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত অন্তত ১০টি মামলা রয়েছে। 

র‍্যাব জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে নবীনগর, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং নির্মাণকাজে নিয়োজিত ব্যক্তিদের জিম্মি করে ব্যাপক চাঁদাবাজি ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। চলতি বছরের ২৪ এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করলেও জামিনে বেরিয়ে সে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

এছাড়া মোহাম্মদপুরের বিজলী মহল্লায় র‍্যাবের আরেকটি আভিযানিক দল অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী রতন ওরফে বোমা রতনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দস্যুতা, ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনসহ ২০টি মামলা রয়েছে। রতন দীর্ঘদিন ধরে গজনবী রোড, বছিলা ও জেনেভা ক্যাম্পকেন্দ্রিক একটি অস্ত্রধারী অপরাধী চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। এর আগেও ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি ধারালো অস্ত্রসহ সে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল।

র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়