News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

বিন্তি হত্যা রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ

বিন্তি হত্যা রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ

ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যার জট পুলিশ উদঘাটন করেছে। চার বছরের সম্পর্কের টানাপোড়েন ও অন্য কারও সঙ্গে সম্পর্কের সন্দেহ থেকে ক্ষুব্ধ হয়ে সিয়াম নামের এক যুবক তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ডিসি মাসুদ আলম বলেন, বুধবার রাতে হাজারীবাগের একটি গলিতে থাকা সিসিটিভি ফুটেজে বিন্তি ও সিয়ামকে একসঙ্গে হাঁটতে ও কথা বলতে দেখা গেছে। একপর্যায়ে সিয়াম অন্য এক তরুণের সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলে বিন্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং কিছু ছবি দেখায়। তর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে সঙ্গে থাকা ছুরি দিয়ে সে বিন্তিকে আঘাত করে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনার সাত থেকে আট ঘণ্টার মধ্যে কলাবাগান এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে রক্তমাখা ছুরি ও একটি গেঞ্জি উদ্ধার করা হয়েছে।

ডিসি মাসুদ আলম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছে যে তাদের মধ্যে দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটি তাকে এড়িয়ে চলছিল এবং অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে বলে সন্দেহ করেছিল। এই ক্ষোভ থেকেই হত্যার পরিকল্পনা করেছিল সে।

তবে নিহতের পরিবারের দাবি, সিয়াম দীর্ঘদিন ধরে বিন্তিকে উত্ত্যক্ত করছিল এবং তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না; বরং হয়রানির জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে দীর্ঘ সময় তাদের কথা বলার দৃশ্য পাওয়া গেছে, যা পূর্বপরিচয়ের ইঙ্গিত দেয়। এছাড়া অভিযুক্ত সিয়াম কোনো মাদকচক্রের সঙ্গে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মোবাইল ফোনও হত্যার পর বন্ধ ছিল।

আরও পড়ুন: পুরান ঢাকায় এসি বিস্ফোরণে দগ্ধ ৩

পুলিশ ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়