রেকর্ড উচ্চতার পর দেশের বাজারে সোনার দাম হঠাৎ বড় ধাক্কা
ফাইল ছবি
রেকর্ড উর্ধ্বমুখী থাকার পর হঠাৎ বড় দরপতনের শিকার হয়েছে দেশের সোনার বাজার। মাত্র দুই দিনের ব্যবধানে ভরিপ্রতি সোনার দাম কমেছে ৩০ হাজার টাকার বেশি।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) এক ভরির দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার এই দাম ছিল প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকা। নতুন দাম শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনের প্রভাবেই স্থানীয় বাজারে বড় সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম হঠাৎ ৫ হাজার ৫৫০ ডলার থেকে নেমে ৪ হাজার ৮৯০ ডলারে দাঁড়িয়েছে।
বাজুসের সর্বশেষ তালিকা অনুযায়ী, দেশের বাজারে অন্যান্য সোনার দামগুলো হলো- ২১ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতি ৪ হাজার ৪৩২ টাকা।
আরও পড়ুন: ঘোষণা ছাড়াই সঞ্চয়পত্রে উৎসে কর দ্বিগুণ
এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম লাফিয়ে উঠায় দেশের বাজারেও রেকর্ড বৃদ্ধি দেখা দিয়েছিল। বৃহস্পতিবার একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছিল। তবে ২৪ ঘণ্টার মধ্যে শুক্রবার সকালেই বাজুস ১৪ হাজার ৬০০ টাকা কমিয়ে নতুন দর কার্যকর করে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








