নির্বাচন ও গণভোটের প্রভাবে আবার বাড়ছে আয়কর রিটার্নের সময়
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসহ নির্বাচনি প্রস্তুতির কারণে ব্যক্তিগত এবং সরকারি কর্মকর্তাদের ব্যস্ততা বিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বৃদ্ধি করার সম্ভাবনা জানিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের সূত্র অনুযায়ী, মূলত ৩১ জানুয়ারি শেষ হওয়া ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হতে পারে।
শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে এনবিআর।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান পূর্বে জানিয়েছিলেন যে, ব্যক্তিগত করদাতাদের জন্য ইতোমধ্যে দুই দফায় সময় বাড়ানো হয়েছে। তবে রিটার্ন জমার শেষ মুহূর্তে রেজিস্ট্রেশন এবং জমা প্রদানের অগ্রগতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে আরও সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি স্পষ্ট করেছেন, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আরও পড়ুন: ‘ব্যাংক খাত সামলাতে হাজার হাজার কোটি টাকার নোট ছাপাতে হয়েছে’
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের কারণে সরকারি এবং ব্যক্তিগত পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তৎপরতায় ব্যস্ত থাকায় রিটার্ন জমার সময় বাড়ানো জরুরি হতে পারে। এতে করদাতারা নিশ্চিন্ত ও নির্ভুলভাবে রিটার্ন জমা দিতে পারবেন।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, ৪৭ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা অনলাইনে রিটার্ন জমার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৩৪ লাখ করদাতা ইতিমধ্যেই তাদের রিটার্ন জমা দিয়েছেন।
আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন না দিলে করদাতাদের জরিমানা দিতে হয় এবং তারা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত সুবিধা থেকে বঞ্চিত হন। এই বছর নির্বাচনী পরিস্থিতি ও বিশেষ পরিস্থিতির কারণে ইতোমধ্যে দুই দফায় মোট দুই মাস সময় বাড়ানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








