ভারতের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে: বাণিজ্য উপদেষ্টা
কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত
আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো প্রভাব পেড়িন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেছেন, ভারতের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
রবিবার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।
শেখ বশিরউদ্দীন বলেন, সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী। সব দেশের সঙ্গে আমাদের সেভাবেই বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সে পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো দ্বিপক্ষীয় সিদ্ধান্ত নিই না।
তবে বাণিজ্য উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া হয়েছে, এটার কোনো প্রভাব এসেছে কি না সেটা দেখছি।
এসময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন ঘটনাগুলো দ্বিপক্ষীয় বাণিজ্যে তেমন প্রভাব ফেলে না। তবে, গত মে মাসে ভারত বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ করে দিয়েছে। ফলে আমাদের রপ্তানি কমেছে। কিন্তু আমরা সে ধরনের পাল্টা পদক্ষেপ নিইনি।
তিনি আরও বলেন, আমাদের অভ্যন্তরীণ সরবরাহ ও জোগান ঠিক রাখার জন্য ভারতে পাট রপ্তানি বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্য দেশের ক্ষতি করার জন্য কিছু করা হয়নি।
আরও পড়ুন: গভর্নর হিসেবে ব্যর্থ হইনি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হবো না: অর্থ উপদেষ্টা
তিনি বলেন, আমাদের নীতিগুলো দেশের অভ্যন্তরীণ বাণিজ্যকে কেন্দ্র করে নেওয়া। আরেকটি দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কখনও করা হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








