২৭ দিনে প্রবাসী আয় এলো ২৭৫ কোটি ডলার
ফাইল ছবি
চলতি ডিসেম্বর মাসে উল্লেখযোগ্য হারে প্রবাসী আয় (রেমিট্যান্স) দেশে আসছে। মাসের প্রথম ২৭ দিনে এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
রবিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংক জানায়, গত বছরের একই সময়ে (১-২৭ ডিসেম্বর) রেমিট্যান্স এসেছিল ২৪০ কোটি ৮০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছর প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৩ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে ডিসেম্বর শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রাবাজারে একটি শক্ত ভিত্তি তৈরি করবে।
এদিকে, প্রবাসী আয়ের প্রবাহ বেড়ে যাওয়ায় ব্যাংকিং ব্যবস্থায় ডলারের উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে। বাজারে ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখতে রোববার বাংলাদেশ ব্যাংক মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১১ কোটি ডলার কিনেছে। এ ক্রয়ে প্রতি ডলারের দর ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, শুধু ডিসেম্বর মাসেই তারা মোট ৯২ কোটি ডলার কিনেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬ মিলিয়ন বা ৩ দশমিক ০৫ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডি প্রতিরোধে সরকারি উদ্যোগ, প্রবাসী আয়ে প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতির ফলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরে এসেছে।
আরও পড়ুন: বাজারে স্বস্তি, ডিম ও ব্রয়লার মুরগির দাম কমেছে
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৭৯ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ দশমিক ৬ শতাংশ বেশি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








