News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৭, ২৬ ডিসেম্বর ২০২৫

বাজারে স্বস্তি, ডিম ও ব্রয়লার মুরগির দাম কমেছে

বাজারে স্বস্তি, ডিম ও ব্রয়লার মুরগির দাম কমেছে

ছবি: সংগৃহীত

বাজারে ভোজ্য তেল ও পেঁয়াজের দাম বাড়লেও পোলট্রি খাতের সংবাদ ভোক্তাদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন কাঁচাবাজারে মুরগির ডিম ও ব্রয়লার মুরগির দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। বর্তমানে ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়, আর ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৫০-১৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে ডিম ও মুরগির দাম কমে আসছে। পোলট্রি খাতে বড় ধরনের উৎপাদন বৃদ্ধির কারণে মুরগি ও ডিমের বাজারে সরবরাহ বেড়ে গেছে।

রাজধানীর শনিরআখড়া, সাইনবোর্ড ও চিটাগংরোড সংলগ্ন বাজারে শুক্রবার ঘুরে দেখা গেছে, কয়েক সপ্তাহ আগে ডিমের ডজন ১৩০ থেকে ১৫০ টাকা এবং ব্রয়লার মুরগির দাম প্রায় ২০০ টাকা হলেও এখন তা সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

শনিরআখড়া বাজারের ডিম ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “খামার থেকে ডিম এখন কম দামে আসছে। সরবরাহ বেশি হওয়ায় আমাদেরও কম দামে বিক্রি করতে হচ্ছে। আগে দাম বেশি থাকায় অনেক ক্রেতা কিনতে চাইতেন না, এখন দাম কমায় বিক্রি বেড়েছে।”

একই এলাকার ব্রয়লার মুরগি বিক্রেতা জানান, “খামারে মুরগির উৎপাদন বেড়েছে। চাহিদা স্বাভাবিক থাকলেও সরবরাহ বেশি হওয়ায় দাম কমতে বাধ্য হয়েছে।”

ক্রেতারা দাম কমায় খুশি প্রকাশ করেছেন। যাত্রাবাড়ীর এক গৃহিণী বলেন, “পরিবারের প্রোটিনের চাহিদা মেটাতে ডিম আর মুরগিই ভরসা। এতদিন বেশি দামের কারণে হিসাব করে কিনতে হতো, এখন একটু স্বস্তি পাচ্ছি।” একজন চাকরিজীবী ক্রেতাও বলেন, “বাজারে সব জিনিসের দাম বাড়লেও অন্তত ডিম-মুরগির দাম কমেছে, এটাই বড় খবর।”

আরও পড়ুন: একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানত ফেরত দেওয়া শুরু হচ্ছে

পোলট্রি খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকায় খামারে উৎপাদন বেড়েছে। মুরগির খাদ্য ও পরিবহন ব্যয়ও কমেছে। তবে তারা সতর্ক করেছেন, দীর্ঘ সময় দাম কম থাকলে খামারিরা ক্ষতির মুখে পড়তে পারেন, যা ভবিষ্যতে আবার দাম বৃদ্ধির ঝুঁকি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, ভোক্তা ও খামারি- উভয়ের স্বার্থ রক্ষায় ডিম ও মুরগির দামে ভারসাম্য বজায় রাখা জরুরি। বাজার তদারকি জোরদার করা গেলে অযৌক্তিক মূল্য ওঠানামা নিয়ন্ত্রণ করা সম্ভব।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়