News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৫, ২৫ ডিসেম্বর ২০২৫

একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানত ফেরত দেওয়া শুরু হচ্ছে

একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানত ফেরত দেওয়া শুরু হচ্ছে

ফাইল ছবি

আগামী সপ্তাহ থেকে একীভূত হওয়া পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে। প্রাথমিকভাবে, গ্রাহকরা প্রতি হিসাব সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঁচটি ব্যাংক হলো- এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক।

গ্রাহকরা তাদের নিজ নিজ ব্যাংকের শাখা থেকে টাকা তুলতে পারবেন। একাধিক হিসাব থাকলেও, প্রতিটি ব্যাংক থেকে নির্ধারিত সীমার মধ্যে অর্থ উত্তোলন সম্ভব। দুই লাখ টাকার কম জমা থাকলে পুরো টাকা একবারেই উত্তোলন করা যাবে। দুই লাখ টাকার বেশি জমা থাকলে, প্রতি তিন মাস অন্তর সর্বোচ্চ এক লাখ টাকা করে দুই বছর পর্যন্ত উত্তোলন করা যাবে।

৬০ বছরের বেশি বয়সী গ্রাহক এবং ক্যানসার বা জটিল রোগে আক্রান্তরা সীমা ছাড়াই প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন।

নতুন ব্যাংক ‘সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি’ রাজধানীর সেনা কল্যাণ ভবনে প্রধান কার্যালয় স্থাপন করেছে। পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার প্রদান করছে ২০ হাজার কোটি এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আসছে আমানতকারীদের শেয়ার থেকে। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংকে ৭৫ লাখ আমানতকারীর প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ঋণ রয়েছে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশ ইতোমধ্যেই খেলাপি হয়ে গেছে।

আরও পড়ুন: ১৬ মিনিটের ভাষণে যা বললেন তারেক রহমান

সারাদেশে ব্যাংকগুলোর ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ রয়েছে। একীভূত হওয়ার পর শাখা সংখ্যা কমানো হবে এবং পরিচালন খরচ বাঁচাতে কর্মীদের বেতন-ভাতা ২০ শতাংশ কমানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়